সংগৃহীত
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করতে গিয়ে নতুন কিছু সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে তার নামে কক্সবাজার ও রাজধানীর বাড্ডা এলাকায় জমি ও প্লটের অস্তিত্ব শনাক্ত হওয়ার পর সেগুলো জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে।
দুদকের আবেদনের পর আদালত সংশ্লিষ্ট সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্পদগুলো যাতে বিক্রি, হস্তান্তর বা গোপন করা না যায়, সেজন্য আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধানে আরও উঠে এসেছে, হারুন অর রশিদ রাজধানীর কয়েকটি অভিজাত ক্লাবের সদস্য ছিলেন। এসব ক্লাবের সদস্যপদ গ্রহণে বিপুল অর্থ ব্যয়ের তথ্যও তদন্তে পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন প্রভাব ব্যবহার করে কিছু প্রতিষ্ঠানের সদস্যপদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
বর্তমানে প্রায় ১৭ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে চলমান মামলার তদন্ত করছে দুদক। তদন্ত কর্মকর্তারা বলছেন, প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই করে সম্পদের প্রকৃত উৎস অনুসন্ধান করা হচ্ছে।
এদিকে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সংশ্লিষ্ট অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধানে নতুন অগ্রগতি হয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে এনএইচ স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেনকে আগামী ১৪ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে।
অন্যদিকে, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের সম্পদের মূল্য নির্ধারণে গণপূর্ত অধিদপ্তর একটি বিশেষ কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পদের প্রকৃত মূল্য ও মালিকানা যাচাইয়ের কাজ শুরু করেছে বলে জানা গেছে।
দুদক জানিয়েছে, আলোচিত মামলাগুলোর তদন্ত ও অনুসন্ধান এখনও চলমান রয়েছে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com