ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৫১ এএম, ০৫ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই: রাশেদ খাঁন

প্রকাশিত : ০১:৫১ এএম, ০৫ অক্টোবর ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

কুষ্টিয়ার লালন শাহের মাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আগের দিন থেকেই কুষ্টিয়ায় ছিলেন এবং বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছেন। এ সময় বিএনপি বা অঙ্গসংগঠনের কেউ তার সঙ্গে কোনো ঝামেলায় জড়ায়নি।

তার ভাষ্য, রোববার রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির নেতাকর্মীদের নিয়ে লালন শাহের মাজারে যান। সেখানে কিছু সময় অবস্থানের পর বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তির সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। সেখান থেকেই একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

রাশেদ খাঁন দাবি করেন, এ ঘটনার সঙ্গে কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে তিনি কুষ্টিয়ার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাদের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।

তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন শাহের মাজারে যাওয়ার বিষয়ে প্রশাসনকে অবহিত করেননি। পরে ঘটনা জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

রাশেদ খাঁনের দাবি, পুলিশের নিরাপত্তায় কিছুদূর যাওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়ি পরিবর্তন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ নিয়ে তিনি প্রশ্নও তুলেছেন।

এর আগে রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাজার এলাকায় কিছু সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারী মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর তিনি এ ঘটনায় এজাহার দিতে কুমারখালী থানার উদ্দেশে রওনা হন।

ঘটনার বিষয়ে বিভিন্ন বক্তব্য পাওয়া গেলেও হামলা ও গাড়ি ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com