ঢাকা, ০৭ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৪১ এএম, ০৬ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা

প্রকাশিত : ০৯:৪১ এএম, ০৬ অক্টোবর ২০২৬

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর অভিযোগ।

নিউজ ডেস্ক :

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

খবর পেয়ে দ্রুত ভাস্কর্য থেকে জুতার মালাটি সরিয়ে ফেলা হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ভাস্কর্যটির মাথায় রশি দিয়ে একটি জুতার মালা ঝুলিয়ে রাখা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কামালুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে একজন পুলিশ সদস্য ফোন করে তাকে বিষয়টি জানান। পরে তিনি লোক পাঠিয়ে দ্রুত জুতার মালাটি সরিয়ে ফেলেন।

ঘটনাটিকে জাতির শ্রেষ্ঠ সন্তানের চরম অবমাননা উল্লেখ করে জড়িতদের শাস্তির দাবি জানান কামালুজ্জামান।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং দক্ষ স্থপতির মাধ্যমে ভাস্কর্যটি সঠিকভাবে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমানের ধারণা, মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার কোনো পরিকল্পনার অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

বাস টার্মিনাল এলাকার চা দোকানি জাবেদ মিয়া জানান, সকালে দোকান খোলার সময় তিনি ভাস্কর্যের মাথায় জুতার মালা দেখতে পান। পরে একজন এসে সেটি সরিয়ে নেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছে নেই।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com