ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৫২ এএম, ০২ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

প্রাক্তনকে পুরোপুরি ভুলতে সময় লাগে ৮ বছর, বলছে গবেষণা

প্রকাশিত : ০১:৫২ এএম, ০২ অক্টোবর ২০২৬

বিচ্ছেদের পর প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগ কাটিয়ে উঠতে সময় লাগে।

নিউজ ডেস্ক :

বিচ্ছেদের পর প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগ পুরোপুরি কাটিয়ে উঠতে সবার সমান সময় লাগে না। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রাক্তনের প্রতি মনের আবেগগত টান অর্ধেক কমে আসতে একজন মানুষের গড়ে প্রায় চার বছর সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের মনোবিজ্ঞান বিভাগের গবেষক জিয়া ওয়াই. চং ও আর. ক্রিস ফ্রেলি এই গবেষণা পরিচালনা করেন। গবেষণাটি ২০২৫ সালে ‘Social Psychological and Personality Science’ সাময়িকীতে প্রকাশিত হয়।

গবেষণায় অংশ নেন ৩২৮ জন প্রাপ্তবয়স্ক। তাদের প্রত্যেকের অন্তত দুই বছর স্থায়ী প্রেমের সম্পর্ক ছিল, যা পরবর্তী সময়ে ভেঙে যায়। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৩০-এর কোঠায় এবং ৫৭ শতাংশ ছিলেন নারী। তাদের প্রাক্তন সম্পর্কের গড় স্থায়িত্ব ছিল প্রায় ৪ দশমিক ৬ বছর। গবেষণার সময় বিচ্ছেদের পর গড়ে প্রায় পাঁচ বছর পার হয়ে গিয়েছিল।

গবেষকেরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগগত টান পরিমাপ করেন। এর মধ্যে প্রাক্তনের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা, তার কাছ থেকে নিরাপত্তাবোধ পাওয়া এবং অন্যান্য আবেগের বিষয় ছিল। একই ধরনের প্রশ্ন একজন অপরিচিত ব্যক্তিকে কেন্দ্র করেও করা হয়। এতে প্রাক্তনের প্রতি আবেগগত বন্ধন অপরিচিত ব্যক্তির তুলনায় কতটা বেশি, তা নির্ণয় করা হয়।

গবেষণার পরিসংখ্যানগত বিশ্লেষণে দেখা যায়, সময়ের সঙ্গে অধিকাংশ মানুষের প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগগত বন্ধন ধীরে ধীরে কমে আসে। দীর্ঘমেয়াদে এই বন্ধন প্রায় শূন্যের দিকে চলে যাওয়ার প্রবণতা দেখা গেছে। অর্থাৎ একসময় প্রাক্তনের প্রতি এমন আবেগ থাকা বন্ধ হয়ে যায়, যা একজন অপরিচিত ব্যক্তির প্রতি অনুভূতির চেয়ে বেশি।

তবে এই পরিবর্তন বেশ ধীরগতির। গবেষণার মডেল অনুযায়ী, প্রাক্তনের প্রতি আবেগগত বন্ধন অর্ধেক কমতে গড়ে ৪ দশমিক ১৮ বছর সময় লাগে। একই প্রবণতা সরলভাবে দীর্ঘমেয়াদে প্রয়োগ করলে পুরোপুরি আবেগমুক্ত হতে প্রায় আট বছর সময় লাগতে পারে। তবে গবেষকেরা জানিয়েছেন, ব্যক্তিভেদে এই সময়ের পার্থক্য অনেক বেশি হতে পারে।

গবেষণায় আরও দেখা যায়, প্রাক্তন সঙ্গীর সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকলে আবেগগত বন্ধন দীর্ঘস্থায়ী হওয়ার প্রবণতা বেশি। উদ্বেগপ্রবণতার মাত্রা বেশি এমন ব্যক্তিদের ক্ষেত্রেও প্রাক্তনের প্রতি আবেগ দীর্ঘস্থায়ী হওয়ার প্রবণতা দেখা গেছে।

অন্যদিকে, যেসব সাবেক দম্পতির সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রে শুরুতে আবেগগত বন্ধন তুলনামূলক বেশি ছিল। তবে সময়ের সঙ্গে সন্তানহীন সাবেক দম্পতিদের তুলনায় তাদের আবেগগত বন্ধন দ্রুত কমে যাওয়ার প্রবণতা দেখা গেছে।

গবেষণায় নতুন সম্পর্কে জড়ানো কিংবা নারী-পুরুষের পার্থক্য প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগগত বন্ধন কত দ্রুত কমবে, তার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি।

গবেষকেরা বলছেন, বিচ্ছেদের পর প্রাক্তনকে পুরোপুরি ভুলে যাওয়ার জন্য সবার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। কারও আবেগ দ্রুত কমতে পারে, আবার কারও ক্ষেত্রে বহু বছর পরও প্রাক্তনের প্রতি কিছুটা আবেগ থেকে যেতে পারে।

লাইফ স্টাইল বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com