শিক্ষককে চড় মারার ভিডিও মুহূর্ত। ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে শিশুটির বাবা চড় মারছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে টঙ্গীর আউচপাড়া এলাকার করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আটক শিক্ষকের নাম মুসলেউদ্দিন। তিনি ওই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে প্রথম শ্রেণির এক ছাত্রীকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে।
শিশুটির পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার তিন দিন পরও সে মাদ্রাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে ভয়ে কিছু বলতে চায়নি শিশুটি। পরে সে জানায়, ঘটনার কথা প্রকাশ করলে তাকে মারধরের হুমকি দেওয়া হয়েছিল। একপর্যায়ে মা-বাবার কাছে পুরো ঘটনা খুলে বলে সে।
পরিবারের দাবি, শিশুটির কাছ থেকে ঘটনা জানার পর বুধবার দুপুরে তার বাবা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই শিক্ষককে অশালীনভাবে স্পর্শ করার কথা স্বীকার করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। এ সময় ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা তাকে চড় মারেন।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন মাদ্রাসায় জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে মারধর করেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে ওই শিক্ষককে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com