ঝিনাইদহের মহেশপুরে নিজের হাতে তৈরি কবরের পাশে আব্দুর রহিম। ছবি: সংগৃহীত
ইট-পাথরে তৈরি পাকা কবর। চারপাশ পরিপাটি, রয়েছে পিলার, ছাদ ও ছোট ছোট মিনার। প্রথম দেখায় কোনো স্থাপনা মনে হলেও এটি আসলে একটি কবর। ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের আব্দুর রহিম গত পাঁচ বছর ধরে নিজের হাতে তৈরি করা সেই কবরের পাশে বসেই জীবনের শেষ সময়ের অপেক্ষা করছেন।
প্রতিদিন নিজের কবরের যত্ন নেন আব্দুর রহিম। কোথাও ধুলা জমলে নিজেই পরিষ্কার করেন। শুধু নিজের জন্য নয়, মৃত্যুর পর স্ত্রীকে পাশে রাখার ইচ্ছায় পাশাপাশি আরও একটি কবর তৈরি করে রেখেছেন তিনি।
আব্দুর রহিম বলেন, ‘মৃত্যুর পর সন্তানরা আমাকে ও আমার স্ত্রীকে দাফন করবে কি না, এ নিয়ে আমার মনে শঙ্কা রয়েছে। তাই জীবিত থাকতেই নিজের ও স্ত্রীর কবর প্রস্তুত করে রেখেছি। আমার শেষ ইচ্ছা, মৃত্যুর পর যেন আমাকে ও আমার স্ত্রীকে পাশাপাশি দাফন করা হয়।’
মৃত্যুর পরের আনুষ্ঠানিকতার বিষয়েও আগেই প্রস্তুতি নেওয়ার কথা জানান তিনি। তার ভাষ্য, পরিবারের ওপর অতিরিক্ত চাপ কমাতে জীবিত থাকতেই চল্লিশা ও দোয়া মাহফিলের আয়োজনও সম্পন্ন করেছেন।
আব্দুর রহিমের এই ব্যতিক্রমী কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ তার তৈরি করা কবর দেখতে আসছেন। কেউ বিষয়টিকে বিস্ময়কর হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে জীবনের অনিবার্য পরিণতি সম্পর্কে গভীর উপলব্ধির বহিঃপ্রকাশ হিসেবে মনে করছেন।
স্থানীয় রশিদ বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে আব্দুর রহিম নিজের কবরের যত্ন নিয়ে আসছেন। তার এই ব্যতিক্রমী কর্মকাণ্ড দেখতে দূর-দূরান্ত থেকেও মানুষ কুশাডাঙ্গা গ্রামে আসছেন।
গ্রামের আব্দুর রহমান বলেন, জীবনে এমন ঘটনা আগে কখনো দেখেননি তিনি। নিজের জন্য কবর খুঁড়ে সেটি পাকা করে রাখার ঘটনা এলাকায় ব্যতিক্রমী। প্রায় প্রতিদিনই কবরটি দেখতে আব্দুর রহিমের বাড়িতে মানুষের ভিড় হচ্ছে বলেও জানান তিনি।
জীবনের শেষ পরিণতি মৃত্যু—এ সত্য মেনে নিয়েই মানুষ সাধারণত ভবিষ্যৎ নিয়ে ভাবেন। তবে জীবিত অবস্থায় নিজের ও স্ত্রীর কবর তৈরি করে মৃত্যুর অপেক্ষায় থাকা আব্দুর রহিমের ঘটনা এলাকায় তৈরি করেছে কৌতূহল। তার এই প্রস্তুতি নিছক ব্যতিক্রমী উদ্যোগ, নাকি মৃত্যুর অনিবার্যতাকে ভিন্নভাবে উপলব্ধি করার প্রকাশ—তা নিয়েই স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com