ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম শনিবার সকালে নিজের ফেসবুক পোস্টে রোটনের মৃত্যুর খবর জানান। একই সঙ্গে তিনি শোক প্রকাশ করে রোটনের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার স্মৃতিও তুলে ধরেন।
আমিনুল ইসলাম লেখেন, ‘রোটনের অকাল মৃত্যুতে গভীর শোক। অনুজ প্রতিম মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। ছাত্রলীগের কর্মী হিসেবে যার সঙ্গে আমার পরিচয়। মনে পড়ে ৯৬-এর আন্দোলনের সময় ঢাকা শহরজুড়ে বিভিন্ন লড়াই-সংগ্রামে একসঙ্গে কাজ করার স্মৃতি।’
রোটনের রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, ‘মুজিবাদর্শের নিখাদ কর্মী হিসেবে রাজনীতির পথচলা শুরু, তারপর দীর্ঘ পথপরিক্রমায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ছিলেন প্রতিটি লড়াই-সংগ্রামে।’
মৃত্যুর খবর জানিয়ে আমিনুল ইসলাম লেখেন, ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন রোটন। একই সঙ্গে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে গত ৪ অক্টোবর রাতে রোটনকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ফুসফুসের ক্যানসারের চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন তিনি।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।
ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে পরিচিতি পাওয়া রোটন পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com