অণ্ডকোষ অপসারণ ও দীর্ঘায়ুর সম্পর্ক নিয়ে ইঁদুরের ওপর গবেষণা করেছেন বিজ্ঞানীরা।
বয়স বাড়ার পরও অণ্ডকোষ অপসারণ করলে আয়ু বাড়তে পারে—এমন ইঙ্গিত পাওয়া গেছে ইঁদুরের ওপর চালানো নতুন এক গবেষণায়। গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণের পর তাদের আয়ু ৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। বয়ঃসন্ধির আগে অস্ত্রোপচার করা ইঁদুরের তুলনায় প্রাপ্তবয়স্ক বয়সে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বৃদ্ধির হার ছিল বেশি।
বিজ্ঞানীদের প্রচলিত ধারণা ছিল, দীর্ঘায়ুর ওপর এমন প্রভাব পেতে হলে জীবনের শুরুর দিকে অণ্ডকোষ অপসারণ করতে হবে। তবে নতুন গবেষণার ফল সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। গবেষকদের আশা, এ প্রভাবের পেছনের জৈবিক প্রক্রিয়া শনাক্ত করা গেলে ভবিষ্যতে অস্ত্রোপচার ছাড়াই দীর্ঘায়ু বাড়ানোর চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন সম্ভব হতে পারে।
মানুষসহ অনেক স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীদের আয়ু বেশি। যুক্তরাষ্ট্রে পুরুষ ও নারীর গড় আয়ুর ব্যবধান প্রায় ছয় বছর। ক্যানসার ও হৃদরোগসহ বয়সজনিত বিভিন্ন রোগের ঝুঁকিও পুরুষদের বেশি। আত্মহত্যা, হত্যাকাণ্ড ও দুর্ঘটনার মতো বয়সের সঙ্গে সরাসরি সম্পর্কহীন মৃত্যুর কারণ বাদ দিলেও এ ব্যবধান দেখা যায়।
নারীদের দীর্ঘায়ুর পেছনে সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। তবে পুরুষের অণ্ডকোষ এ ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। ১৯৬৯ সালের একটি গবেষণায় মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের একটি প্রতিষ্ঠানে অনিচ্ছাকৃতভাবে অণ্ডকোষ অপসারণ করা হয়েছিল—এমন ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এ অস্ত্রোপচারের সঙ্গে এক দশকের বেশি আয়ু বৃদ্ধির সম্পর্ক থাকতে পারে। ২০২৫ সালে ২২টি মেরুদণ্ডী প্রাণী প্রজাতির তথ্য বিশ্লেষণেও অণ্ডকোষ অপসারণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক পাওয়া যায়।
তবে পরীক্ষাগারে ইঁদুরের ওপর এ প্রভাব নিয়ে গবেষণা করা সহজ ছিল না। কারণ বিভিন্ন প্রজাতি ও বংশধারার ইঁদুরের আয়ুর পার্থক্য রয়েছে। কিছু ক্ষেত্রে পুরুষ ইঁদুরের আয়ু নারীদের চেয়েও বেশি।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার অ্যাট স্যান অ্যান্টোনিওর বার্ধক্যবিষয়ক গবেষক জেমস নেলসন ও তার সহকর্মীরা এমন একটি বংশধারার ইঁদুর নিয়ে গবেষণা করেন, যেখানে মানুষের মতোই নারী ইঁদুরের দীর্ঘায়ুর সুবিধা স্পষ্ট। বয়ঃসন্ধির আগে পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণ করে দেখা যায়, তাদের আয়ু নারী ইঁদুরের কাছাকাছি পৌঁছে যায়। এতে গবেষকদের ধারণা হয়, অণ্ডকোষ কোনোভাবে পুরুষের আয়ু কমিয়ে দিতে পারে।
নতুন গবেষণায় জেমস নেলসন, তার স্নাতক শিক্ষার্থী লরেন্স মেইয়েন্স ও তাঁদের সহকর্মীরা জানতে চেয়েছেন, জীবনের কোন পর্যায় থেকে অণ্ডকোষের এ সম্ভাব্য নেতিবাচক প্রভাব শুরু হয়।
এ জন্য একই বংশধারার পুরুষ ইঁদুরের অণ্ডকোষ তিনটি ভিন্ন বয়সে অপসারণ করা হয়। একটি দলকে বয়ঃসন্ধির আগে, দ্বিতীয় দলকে বয়ঃসন্ধির পরপরই এবং তৃতীয় দলকে ২৪০ দিন বয়সে অস্ত্রোপচার করা হয়। ২৪০ দিন বয়সী ইঁদুরের বয়স মানুষের হিসাবে প্রায় ৩০ বছরের সমান বলে গবেষকেরা উল্লেখ করেছেন।
অস্ত্রোপচারের মাধ্যমে অণ্ডকোষ অপসারণ করা তিনটি দলের ইঁদুরই অস্ত্রোপচার না করা নিয়ন্ত্রণ দলের তুলনায় বেশি দিন বেঁচেছে। তবে সবচেয়ে বেশি আয়ু বেড়েছে প্রাপ্তবয়স্ক বয়সে অস্ত্রোপচার করা ইঁদুরের। তাদের আয়ু প্রায় ৩৩ শতাংশ বেড়েছে। বয়ঃসন্ধির আগে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বেড়েছে ১৯ শতাংশ এবং বয়ঃসন্ধির পর অস্ত্রোপচার করা ইঁদুরের বেড়েছে ২৬ শতাংশ।
গবেষকেরা এ ফলাফলে বিস্মিত হয়েছেন। গবেষক দলের সদস্য লরেন্স মেইয়েন্সের ভাষায়, দ্রুতই তাঁদের কাছে বিষয়টি নতুন, অপ্রত্যাশিত ও উত্তেজনাপূর্ণ বলে স্পষ্ট হয়ে ওঠে।
গবেষক স্টিভ অস্টাডের মতে, প্রাপ্তবয়স্ক বয়সে অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরগুলো অস্ত্রোপচারের পরপরই দীর্ঘায়ুর সুবিধা পেতে শুরু করে। অস্ত্রোপচারের পর এক বছরেরও বেশি সময় ধরে ওই দলের কোনো ইঁদুর মারা যায়নি। অথচ ওই বয়সে সাধারণত ইঁদুরের মৃত্যুহার বাড়তে থাকে।
গবেষকদের ধারণা, জীবনের শুরুর দিকে অণ্ডকোষ থাকা কিছু উপকার দিতে পারে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব ক্ষতিকর হয়ে উঠতে পারে। যদিও এ ধারণা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
অণ্ডকোষ অপসারণের পর ইঁদুরের আয়ু কেন বাড়ল, তা এখনো রহস্য। অস্ত্রোপচার করা ইঁদুরগুলোর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে—এমন কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তিনটি দলের ইঁদুরেরই হাতের শক্তি কমেছে এবং বয়স বাড়ার অন্যান্য লক্ষণ একই গতিতে দেখা গেছে।
গবেষকেরা এখন ইঁদুরগুলোর মৃত্যুর কারণ বিশ্লেষণ করতে চান। পাশাপাশি অণ্ডকোষ থেকে নিঃসৃত এমন কোনো উপাদান আছে কি না, যা আয়ুর ওপর প্রভাব ফেলে, তা শনাক্তের চেষ্টা করবেন।
পুরুষের শরীরে টেস্টোস্টেরনের ৯০ শতাংশেরও বেশি অণ্ডকোষ থেকে উৎপন্ন হয়। তবে গবেষণায় দেখা দীর্ঘায়ুর পরিবর্তনের সঙ্গে টেস্টোস্টেরনের সরাসরি সম্পর্ক রয়েছে বলে এখনই সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। কারণ অণ্ডকোষ অপসারণের ফলে শরীরে একসঙ্গে অনেক ধরনের পরিবর্তন ঘটে।
গবেষকদের আশা, এ গবেষণার ফল ভবিষ্যতে এমন ওষুধ বা চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনে সহায়তা করতে পারে, যা অণ্ডকোষ অপসারণ ছাড়াই এর সম্ভাব্য দীর্ঘায়ুর প্রভাব অনুকরণ করবে। এ ধরনের চিকিৎসা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও কার্যকর হতে পারে বলে তাঁরা মনে করছেন।
তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, ইঁদুরের ওপর পাওয়া এ ফলাফল এখনই মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার মতো পর্যায়ে পৌঁছায়নি। গবেষণাটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। সূত্র: সায়েন্স।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com