ঢাকা, ২৯ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:১২ এএম, ২৮ জুন ২০২৬
Digital Solutions Ltd

নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের আহ্বান শামা ওবায়েদের

প্রকাশিত : ০২:১২ এএম, ২৮ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

অতীতে রাজনৈতিক নিপীড়নের শিকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য জাতীয় বাজেটে আলাদা বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হয়ে অনেক নেতাকর্মী এখনও মানবেতর জীবন কাটাচ্ছেন। বিশেষ করে গ্রামের দরিদ্র ও তৃণমূল পর্যায়ের কর্মীদের পুনর্বাসনের বিষয়টি রাষ্ট্রের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে রাজনৈতিক প্রতিকূলতা ও নানা সংকটের মধ্যেও দেশের উন্নয়নের পরিকল্পনা অব্যাহত ছিল। বর্তমান বাজেট সেই ধারাবাহিক পরিকল্পনার বাস্তব রূপ।

বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, এই বাজেটকে ‘দিবাস্বপ্ন’ বলার সুযোগ নেই। এটি বাস্তবতার ভিত্তিতে প্রণীত একটি জনমুখী, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী বাজেট, যা বাস্তবায়নের সক্ষমতা সরকারের রয়েছে।

তিনি আরও বলেন, একটি জাতীয় বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার প্রতিফলন। তার মতে, এবারের বাজেটে মানবিক দৃষ্টিভঙ্গি, নারী উন্নয়ন, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থনৈতিক খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগ বৃদ্ধি, ওয়ান স্টপ সার্ভিস, ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের সহায়তায় নানা পদক্ষেপ রাখা হয়েছে।

কৃষি খাতে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, ১২ লাখ কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ, ২৫ লাখ ২২ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ এবং কৃষক কার্ড কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।

স্বাস্থ্য ও শিক্ষা খাতেও বিভিন্ন নতুন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে ই-হেলথ কার্ড চালু, বিভাগীয় পর্যায়ে শিশু হাসপাতাল প্রতিষ্ঠা, দুই লাখ প্রাথমিক শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম ও মিড-ডে মিল প্রদান।

এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতে পেপ্যাল ও আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু, ফ্রিল্যান্সারদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াইফাই সংযোগের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

পরিবহন ও জ্বালানি খাতে সংস্কার, ইলেকট্রিক বাস এবং নারী ও শিশুদের জন্য বিশেষ ‘পিংক বাস’ চালুর পরিকল্পনাকেও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে তুলে ধরেন শামা ওবায়েদ।

সরকারি ঋণ গ্রহণ নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, এই ঋণ ভোগব্যয়ের জন্য নয়; উৎপাদন, সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার মতো কৌশলগত খাতে ব্যবহার করা হবে। তার মতে, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় সরকারি ঋণের পরিমাণ এখনও গ্রহণযোগ্য সীমার মধ্যেই রয়েছে।

এ সময় তিনি জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের জন্য বাজেটে বরাদ্দ রাখার সিদ্ধান্তকেও ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানান।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com