ঢাকা, ২৯ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৪৪ এএম, ২৮ জুন ২০২৬
Digital Solutions Ltd

আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ

প্রকাশিত : ০২:৪৪ এএম, ২৮ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছান তিনি।

পূর্বঘোষিত কর্মসূচির বাইরে অনুষ্ঠিত এই সফরে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন।

স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির গবেষণা, প্রযুক্তিগত সক্ষমতা, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। এছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজ নিজ ইউনিটের উদ্ভাবনী কার্যক্রম, গবেষণা এবং প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ও তুলে ধরেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, স্পারসোকে এমন একটি আধুনিক ও দক্ষ প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে, যা মহাকাশ গবেষণা, স্যাটেলাইট প্রযুক্তি এবং দূর অনুধাবন খাতে দেশের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জাতীয় উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ লক্ষ্যে গবেষণা, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও জোরদারের নির্দেশ দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্পারসোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং রিমোট সেন্সিং বা দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও ব্যবহার নিয়ে কাজ করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। দেশের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ পর্যবেক্ষণ, কৃষি, পরিবেশ ও জাতীয় পরিকল্পনায় এ প্রতিষ্ঠানের তথ্য ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com