পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশে আওয়ামী লীগের পতন ও ভারতে দাফন হওয়ার মাধ্যমে দলটি একটি ‘ক্লোজড চ্যাপ্টার’ বা অতীত বিষয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। একই সঙ্গে বিএনপির সব অন্যায়ের কঠোর প্রতিবাদ জানানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, অন্যায়ের প্রশ্নে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ভোটের হিসাব-নিকাশ বা নেগোসিয়েশনের জন্য খুনি ও স্বৈরাচারদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চিন্তাভাবনা করা হলে তা বিএনপির জন্য হিতে বিপরীত হবে। যেহেতু বিএনপি বর্তমানে ক্ষমতায় রয়েছে, তাই যেকোনো সংকটের অগ্রভাগ তাদেরকেই মোকাবিলা করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, গত ছয় মাসে বিএনপি জনআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। এই প্রক্রিয়া চলতে থাকলে দলটি পাঁচ বছর ক্ষমতায় স্থায়ী হতে পারবে না।
তিনি আরও জানান, বিএনপি ও বিচার বিভাগ যদি স্বৈরাচারদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে নিয়ে এনসিপি আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে সরকারি আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি অভিযুক্ত অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে সারজিস আলম বলেন, জাতীয় এই সংকটে এনসিপি সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু উচ্চমূল্যে জ্বালানি কিনে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার তীব্র সমালোচনা করেন তিনি। নিজেরা দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে বিরোধী দলের ওপর দায় চাপানোর রাজনীতি আর চলবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণের দুর্বিষহ পরিস্থিতি নিয়ে লুটপাট করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন এবং কর্মশালাবিষয়ক বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এ ছাড়া যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে পটুয়াখালী জেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com