ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:৫৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার

প্রকাশিত : ০১:৫৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন উগান্ডার ফুটবলার জর্জ ডেসমন্ড কামুরাসি।

আন্তর্জাতিক ডেস্ক :

লন্ডনের ফুটবল মাঠ থেকে উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের সিংহাসনে বসার সুযোগ পেয়েছিলেন জর্জ ডেসমন্ড কামুরাসি। তবে রাজমুকুটের পরিবর্তে নিজের ফুটবল ক্যারিয়ারকেই বেছে নিয়েছেন ৩৬ বছর বয়সী এই গোলকিপার।

ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল ক্লাব এসই ডনসের গোলরক্ষক ও অধিনায়ক কামুরাসিকে তোড়ো রাজ্যের পরবর্তী রাজা হিসেবে নির্বাচনের জন্য প্রথম পছন্দ করেছিল রয়্যাল সাকসেশন কমিটি। কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানান।

রয়্যাল সাকসেশন কমিটির সদস্য ফাদার ড. চার্লস ওয়ো জানান, কামুরাসি বলেছেন, তাঁর অন্য দায়িত্ব রয়েছে এবং তিনি রাজা হওয়ার দায়িত্ব পালন করতে পারবেন না। খবর রয়টার্স ও উগান্ডার সংবাদমাধ্যম পালস উগান্ডার।

কামুরাসি ছিলেন প্রয়াত রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের চাচাতো ভাই। গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রে ক্যানসারে আক্রান্ত হয়ে ৩৪ বছর বয়সে মারা যান রাজা ওয়ো। ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী জীবিত রাজা হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

তাঁর মৃত্যুর পর নতুন রাজা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে প্রথমে কামুরাসিকে বেছে নেয় উত্তরাধিকার কমিটি। তিনি সরে দাঁড়ানোর পর নতুন করে প্রক্রিয়া শুরু হয়। পরে সাবেক টেলিভিশন সংবাদ উপস্থাপক প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে তোড়োর নতুন রাজা ঘোষণা করা হয়।

‘বিগ জি’ নামে পরিচিত ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার কামুরাসি এখনো ফুটবলেই মনোযোগ দিচ্ছেন। এসই ডনসের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটির বিভিন্ন প্রচারণামূলক কনটেন্টেও নিয়মিত দেখা যায় তাঁকে।

এবারই প্রথম এফএ কাপে অংশ নিচ্ছে এসই ডনস। গত শনিবার এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে দলটি দ্বিতীয় বাছাইপর্বে উঠেছে। আগামী ১৯ সেপ্টেম্বর চিচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে তারা।

উগান্ডার তোড়ো রাজ্যের রাজার কোনো নির্বাহী ক্ষমতা নেই। দেশটিতে প্রেসিডেন্ট ও নির্বাচিত সংসদ রয়েছে। তবে তোড়োসহ উগান্ডার কয়েকটি ঐতিহ্যবাহী রাজপরিবার এখনো সামাজিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com