ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৬:৫৯ এএম, ২৬ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

ধর্মান্তরিত যুবকের মৃত্যুতে বাবা চান সৎকার, স্ত্রী চান দাফন: পুলিশ ফাঁড়িতে সমঝোতা

প্রকাশিত : ০৬:৫৯ এএম, ২৬ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় ধর্মান্তরিত যুবকের মরদেহের সৎকার নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।

ডিজিটাল রিপোর্ট :

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নিহত ধর্মান্তরিত এক যুবকের মরদেহের সৎকার নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। নিহতের বাবা ও পরিবারের সদস্যরা হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সৎকারের দাবি জানান। অন্যদিকে, ইসলাম গ্রহণ ও বিয়ের কাবিননামা দেখিয়ে মুসলিম রীতিতে দাফনের দাবি করেন তাঁর স্ত্রী। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও স্থানীয়দের মধ্যস্থতায় মরদেহটি স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। এরপর মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর দাফন সম্পন্ন হয়।

নিহত যুবকের নাম চঞ্চল কুমার (২৩)। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম রাখেন আব্দুল্লাহ। তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আদিবাসীপাড়ার বাসিন্দা শ্রী মিলন কুমারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে চঞ্চল কুমার সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। পরে পাশের গ্রামের হামিদা খাতুন নামে এক মুসলিম নারীকে বিয়ে করে সংসার শুরু করেন। সম্প্রতি ঢাকা যাওয়ার পথে মুন্সীগঞ্জের শ্রীপুর মোড়ে বাস দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আব্দুল্লাহর মরদেহ গ্রামের বাড়ি কার্পাসডাঙ্গায় পৌঁছালে শেষকৃত্য নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। নিহতের বাবা শ্রী মিলন কুমার ও পরিবারের সদস্যরা হিন্দু ধর্মীয় রীতিতে সৎকারের দাবি জানান। অন্যদিকে, স্ত্রী হামিদা খাতুন বিয়ের কাবিননামা দেখিয়ে স্বামীর জানাজা শেষে মুসলিম রীতি অনুযায়ী দাফনের আবেদন করেন।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মরদেহটি কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে ফাঁড়ির ইনচার্জ জুম্মান খান, দর্শনা ডিলাক্স পরিবহনের মালিক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই পক্ষের সঙ্গে আলোচনা করেন।

কাবিননামাসহ প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনার পর মরদেহটি স্ত্রী হামিদা খাতুনের কাছে হস্তান্তর করা হয়। পরে কার্পাসডাঙ্গা দক্ষিণপাড়া কবরস্থানে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী আব্দুল্লাহর দাফন সম্পন্ন হয়।

কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুম্মান খান এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মেজবাহ উদ্দিন এ ঘটনায় প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com