পাবনায় শিশু কলি হত্যা মামলার আসামির বাড়ি ভাঙচুরের পর মাটি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
পাবনার দোগাছি ইউনিয়নের কুলুনিয়া গ্রামে ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মোস্তফা কামালের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর এবার ওই বাড়ির মাটি তুলে নিয়ে গেছেন বিক্ষুব্ধ লোকজন। বাড়িঘর ভাঙচুরের পর মাটি লুটের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু কলিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত মোস্তফা কামালের বাড়িতে ভাঙচুর চালান। ইট-পাটকেল, লাঠিসোঁটা ও হাতুড়ি দিয়ে ভাঙচুরের একপর্যায়ে বাড়ির দোতলা ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি বাড়ির মাটিও তুলে নিয়ে যেতে দেখা যায় বিক্ষুব্ধ লোকজনকে।
গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজ এলাকা থেকে নিখোঁজ হয় শিশু কামরুন্নাহার কলি। পরিবারের অভিযোগ, শিশুটি নিখোঁজ হওয়ার পর পুলিশের সহযোগিতা চেয়েও তারা যথাযথ সাড়া পাননি। পরে মানববন্ধন ও প্রতিবাদের মধ্যে নিখোঁজের সপ্তম দিনে, ১৬ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোস্তফা কামাল ও ইয়াছিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন নিহত শিশুটির স্বজন ও স্থানীয়রা।
পরিবারের অভিযোগ, নিখোঁজের পরপরই পুলিশ তৎপর হলে হয়তো শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য জানা যায়নি।
শিশু কলি হত্যাকাণ্ডের বিচার দাবিতে শুরু হওয়া ক্ষোভের জেরে অভিযুক্তের বাড়ি ভাঙচুর ও মাটি তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com