সাজু শেখ, নূরজাহান বেগম
সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানিয়ে আলোচনায় আসা শেরপুরের বৃদ্ধ সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম মারা গেছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। সেদিন বিকেল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
নূরজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া। তিনি জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে নূরজাহান শয্যাশায়ী ছিলেন। রোববার দুপুরে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে নূরজাহানের কোমরের হাড় ভেঙে যায়। এরপর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। অর্থসংকটের কারণে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। অসুস্থ স্ত্রীর সেবা করার পাশাপাশি খাবার, ওষুধ ও সংসারের খরচ জোগাতে হিমশিম খেতেন বৃদ্ধ সাজু শেখ।
প্রায় ৬৫ বছরের দাম্পত্য জীবনে তাঁদের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। পরিবারের তথ্য অনুযায়ী, সন্তানদের কাছ থেকে নিয়মিত আর্থিক সহায়তা পাওয়া তাঁদের জন্য কঠিন ছিল। এক ছেলে করোনাকালে নিরুদ্দেশ হয়ে যান বলে স্বজনেরা জানান। আরেক ছেলে ঢাকায় রিকশা চালান এবং বছরে এক-দুবার বাড়িতে আসেন।
কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। বিভিন্ন ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির খোঁজ নেওয়া হয় এবং সহায়তা পৌঁছে দেওয়া হয়।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার পর বৃদ্ধ দম্পতির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। তাঁদের থাকার জন্য একটি ঘরের কাজও প্রায় শেষ পর্যায়ে ছিল বলে তিনি উল্লেখ করেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরিবারটিকে সহযোগিতা করেছে বলেও জানান জেলা প্রশাসক। নূরজাহান বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি।
জীবনের শেষ পর্যায়ে দীর্ঘদিন অসুস্থতা ও আর্থিক সংকটের সঙ্গে লড়াই করা নূরজাহানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে। স্ত্রীকে হারিয়ে এখন নিঃসঙ্গ হয়ে পড়েছেন বৃদ্ধ সাজু শেখ।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com