যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে আরব অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির কথা জানিয়েছে জাতিসংঘ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের কারণে সংঘাতের প্রথম মাসেই আরব দেশগুলোর অর্থনীতিতে প্রায় ১৫০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘের পশ্চিম এশিয়া বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন-ইএসসিডব্লিউএ) নির্বাহী সচিব রনিয়া আল-মাশাত এ তথ্য জানান। তার হিসাবে, এই ক্ষতির পরিমাণ আরব অঞ্চলের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৪ শতাংশ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমুদ্র নিরাপত্তাবিষয়ক এক অনানুষ্ঠানিক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় আল-মাশাত বলেন, হরমুজ প্রণালি ও বাব এল-মান্দেব দিয়ে নৌ চলাচলের নিরাপত্তা ঝুঁকি কেবল সামরিক বা নিরাপত্তার বিষয় নয়। এর প্রভাব বাণিজ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রয়োজনীয় পণ্যের সরবরাহের ওপরও পড়ছে।
তিনি জানান, বিশ্বে সমুদ্রপথে পরিবহন করা মোট অপরিশোধিত তেলের প্রায় এক-চতুর্থাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ১৯ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। এ ছাড়া উপসাগরীয় দেশগুলো অ্যামোনিয়া, সার, সালফার ও অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ রফতানিকারক।
জাতিসংঘের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, সংঘাত দীর্ঘায়িত হলে আরব দেশগুলোর বিনিয়োগ এবং অর্থনীতিকে বহুমুখী করার উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। এতে অঞ্চলটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ওপরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আল-মাশাত সংঘাতের আরও বিস্তার ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে জরুরি পণ্য ও সেবা সরবরাহে সম্ভাব্য বিঘ্ন মোকাবিলায় আঞ্চলিক প্রস্তুতি আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
সূত্র: আল জাজিরা
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com