এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শহীদ ওসমান হাদীর রাজনৈতিক আদর্শ, ঢাকা-৮ আসনে নির্বাচন এবং তাঁকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ পোস্টে রাশেদ খাঁন জামায়াতে ইসলামী ও এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেন।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, জীবদ্দশায় শহীদ ওসমান হাদীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধ থাকলেও তাঁর মৃত্যুর পর তাঁকে নিজেদের আদর্শিক নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে জামায়াত ও এনসিপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ঢাকা-৮ আসনে নির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন লেখেন, ওসমান হাদীর বিপরীতে এনসিপি রিকশাচালক সুজনকে প্রার্থী ঘোষণা করেছিল। অন্যদিকে, জামায়াতের আমিরের ব্যক্তিগত সহকারী ও বুয়েট শাখা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের তাঁকে ওই আসনে নির্বাচন না করার পরামর্শ দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, জুবায়ের জানিয়েছিলেন, ঢাকা-৮ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সাদিক কায়েম নির্বাচন করবেন।
রাশেদ খাঁনের দাবি, এ পরিস্থিতিতে ওসমান হাদী বলেছিলেন, প্রয়োজনে ৫০০ ভোট পেলেও তিনি ঢাকা-৮ আসন থেকেই নির্বাচন করবেন। এ বিষয়ে ওসমান হাদীর ভাই ওমর হাদী ফেসবুকে পোস্ট দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জুবায়ের বর্তমানে দেশে আছেন কি না, সেই প্রশ্নও তোলেন রাশেদ খাঁন।
জামায়াত ও এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি আরও দাবি করেন, জীবদ্দশায় ওসমান হাদী এনসিপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, জুলাইয়ের ঐক্য বিনষ্ট এবং জুলাইকে কুক্ষিগত করার মতো বিষয়ে বক্তব্য দিয়েছিলেন। একই সঙ্গে জামায়াতকে ‘গুপ্ত’ বলেও মন্তব্য করেছিলেন বলে দাবি করেন রাশেদ খাঁন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেয়ে ওসমান হাদীর লড়াই বেশি শক্তিশালী—এমন মন্তব্যের মাধ্যমে হাদীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, এ ধরনের বক্তব্য বিএনপির নেতাকর্মীদের ওসমান হাদীকে নিয়ে কটাক্ষ করার সুযোগ করে দিতে পারে।
এ কারণে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের বিতর্কে না জড়ানোর আহ্বান জানান রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, ওসমান হাদী জিয়াউর রহমানের আধিপত্যবাদবিরোধী রাজনীতিকে আদর্শ হিসেবে ধারণ করে সংগ্রাম করেছেন। তাই তাঁকে বিএনপির মুখোমুখি দাঁড় করানোর উদ্যোগ সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে ওসমান হাদীকে দাফন করা নিয়েও নিজের মতামত তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি বলেন, এ বিষয়ে কিছু বক্তব্যের কারণে কারও কারও মনে প্রশ্ন তৈরি হতে পারে। তবে হত্যাকাণ্ডের শিকার একজন ব্যক্তির দাফন নিয়ে বিতর্ক করা ঠিক নয় বলে মনে করেন তিনি।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন জানান, ওই দিন সকালে শহীদ ওসমান হাদীর বড় ভাইয়ের সঙ্গে টেলিফোনে তাঁর কথা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওসমান হাদীর ভাই বলেছেন, যখন অনেকে কথা বলতেন না, তখন নুর ভাই কথা বলতেন। একজন মৃত মানুষকে নিয়ে বিরোধীপক্ষ বিতর্ক করার সুযোগ পায়—এমন বক্তব্য দেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
রাশেদ খাঁন লেখেন, শহীদ ওসমান হাদীকে তাঁরা আজীবন হৃদয়ে ধারণ করবেন। তাঁকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিতর্কিত করার চেষ্টা হলে সে বিষয়ে সচেতন ও সোচ্চার থাকার আহ্বানও জানান তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com