জাইমা রহমান, জাইমা জারনাজ রহমান, তারেক রহমান, জুবাইদা রহমান,
ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান—যিনি জাইমা রহমান নামে পরিচিত—বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি জাইমা আইন বিষয়ে উচ্চশিক্ষা ও পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। বর্তমানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাইমা রহমানের জন্ম ঢাকায়। তিনি শৈশবে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় পড়াশোনা করেন। ২০০৮ সালে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে শিক্ষাজীবন চালিয়ে যান। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে যুক্তরাজ্যের ইনার টেম্পল থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
আইন পেশায় জাইমা রহমানের অভিজ্ঞতার মধ্যে যুক্তরাজ্যে আবাসন, কল্যাণ ও কর্মসংস্থান আইনসংক্রান্ত কাজের পাশাপাশি বাংলাদেশে আইনি পরামর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার বিষয়ও রয়েছে। তিনি দেশের আইন প্রতিষ্ঠান সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে কাজ করেছেন। সেখানে সাংবিধানিক, করপোরেট ও বাণিজ্যিক আইন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং করসংক্রান্ত বিষয়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও বিএনপির প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নেন জাইমা রহমান। ওই সফরে তাঁর সঙ্গে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছিলেন।
২০২৬ সালের জুনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রথম ধাপে উত্তীর্ণ হন। এরপর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে তাঁর দায়িত্ব পালনের খবর প্রকাশিত হয়। সেখানে তিনি সভাপতির এক্সিকিউটিভ অফিসের অধীনে আইনি বিষয়াবলি দেখভাল করছেন।
পেশাগত কাজের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন জাইমা রহমান। সুবিধাবঞ্চিত ও বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করা বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ‘সুরভী’র পরিচালনা পর্ষদের সদস্য তিনি।
সুশাসন, অন্তর্ভুক্তিমূলক জননীতি, ন্যায়বিচারের সুযোগ, শিক্ষার প্রসার, লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক অন্তর্ভুক্তির মতো বিষয় তাঁর আগ্রহের ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
জন্মদিন উপলক্ষে শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, আইন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে ভূমিকা রাখবেন জাইমা রহমান।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com