বরগুনার তালতলীতে প্রাইভেটের টাকা নিয়ে বিরোধে আহত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা
বরগুনার তালতলীতে প্রাইভেট পড়ার ২০০ টাকা বকেয়া থাকাকে কেন্দ্র করে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী, তার বাবা ও মাকে মারধরের অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষিকার স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে। বাঁশের লাঠির আঘাতে ১০ বছর বয়সী শিক্ষার্থী আবদুল্লাহর মাথা ফেটে গেছে। তার মাথায় ১৫ থেকে ১৬টি সেলাই দিতে হয়েছে। ছেলেকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার বাবা-মাও। পরে তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের হুলাটানা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আবদুল্লাহ ওই গ্রামের বেলাল হাওলাদার ও নুরজাহান বেগমের ছেলে। সে স্থানীয় হারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় আট মাস ধরে স্থানীয় মালা নামের এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়ত আবদুল্লাহ। শিক্ষিকা নিজ বাড়িতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ান। মাসিক ৪০০ টাকা বেতনে আবদুল্লাহকে পড়ানোর চুক্তি ছিল। গত আট মাস নিয়মিত বেতন পরিশোধ করলেও অক্টোবর মাসের ৪০০ টাকার মধ্যে ২০০ টাকা দিতে পেরেছিলেন তার বাবা। বাকি ২০০ টাকা কয়েক দিন পর পরিশোধের কথা জানিয়েছিলেন তিনি।
পরিবারের আর্থিক সংকটের কারণে পুরো টাকা একসঙ্গে দিতে পারেননি বলে জানান বেলাল হাওলাদার। তবে বকেয়া টাকা নিয়ে শিক্ষিকার স্বামী মিজানুর রহমানের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল্লাহ শিক্ষিকার বাড়ি থেকে বের হওয়ার সময় মিজানুর রহমান বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ পরিবারের।
ছেলের ওপর হামলা দেখে তাকে রক্ষা করতে এগিয়ে যান বাবা বেলাল হাওলাদার। এ সময় তাঁকেও মারধর করা হয়। পরে স্বামী ও ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে মা নুরজাহান বেগমও মারধরের শিকার হন। মিজানুর রহমানের পরিবারের সদস্যসহ আরও কয়েকজন এতে অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর আহত তিনজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন। পরে দ্রুত তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে আবদুল্লাহর মাথায় ১৫ থেকে ১৬টি সেলাই দেওয়া হয়। তার বাবা ও মাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম বলেন, আবদুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাবা ও মাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে প্রাইভেট শিক্ষিকার স্বামী মিজানুর রহমান বলেন, তাঁরা প্রাইভেটের টাকা চেয়েছিলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাত্র ২০০ টাকা বকেয়া নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com