ঢাকা, ০১ জুলাই, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:২৪ এএম, ৩০ জুন ২০২৬
Digital Solutions Ltd

নতুন পে-স্কেল বাস্তবায়নের শেষ ধাপে প্রস্তুতি, জুলাই থেকে কার্যকরের পরিকল্পনা

প্রকাশিত : ০১:২৪ এএম, ৩০ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতনকাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। তবে বিভিন্ন ভাতা কার্যকর করা হতে পারে ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে।

প্রায় ১১ বছর পর নতুন বেতনকাঠামো চালুর উদ্যোগকে সরকারি চাকরিজীবীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতায় এই উদ্যোগ সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের কমিটি ইতোমধ্যে পে কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার কাজ প্রায় শেষ করেছে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য পৃথকভাবে প্রণীত তিনটি কমিশনের সুপারিশ সমন্বয় করে একটি অভিন্ন বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করা হয়েছে।

জানা গেছে, চলতি সপ্তাহেই ওই পরিকল্পনা অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। পরে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সম্মতি মিললে জুলাই মাসের মধ্যভাগে এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশের প্রস্তুতি রয়েছে।

নতুন বেতনকাঠামো বাস্তবায়ন নিয়ে বিভিন্ন বিকল্প পদ্ধতি বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত দুই ধাপে বাস্তবায়নের দিকেই ঝুঁকছে সরকার। অর্থ বিভাগের মতে, সরকারি হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার (আইবিএএসপ্লাস)-এ জটিলতা এড়াতে মূল বেতন একবারেই কার্যকর করা অধিক কার্যকর হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা ও ভাতা যুক্ত করা হবে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বর্তমানে প্রচলিত ২০টি গ্রেডের মধ্যে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে ১১ থেকে ২০ নম্বর গ্রেডে কর্মরত নিম্ন আয়ের কর্মচারীদের ক্ষেত্রে প্রায় ১৩০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ বিবেচনায় রয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন জাতীয় বেতনকাঠামো চালুর ঘোষণা দেন। এ লক্ষ্যে বাজেটে প্রায় ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বরাদ্দকৃত অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সমন্বয়ের কাজে ব্যয় করা হবে। একই সঙ্গে জনপ্রশাসন খাতে বরাদ্দও আগের অর্থবছরের তুলনায় প্রায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে।

নবম পে কমিশনের সুপারিশে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর পাশাপাশি বিভিন্ন আর্থিক সুবিধা ও ভাতাও পুনর্নির্ধারণের প্রস্তাব রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতনকাঠামো কার্যকর হয়েছিল, যা দুই ধাপে বাস্তবায়ন করা হয়। বর্তমানে সরকার প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় করে। নতুন পে-স্কেল কার্যকর হলে এ ব্যয় আরও বাড়বে। তবে সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে সরকারি সেবার মানোন্নয়ন ও কর্মীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com