ঢাকা, ২০ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:০৩ এএম, ২০ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, কারণ জানালেন রুমিন ফারহানা

প্রকাশিত : ১০:০৩ এএম, ২০ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানাচ্ছেন রুমিন ফারহানা

নিউজ ডেস্ক :

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, কারণ জানালেন রুমিন ফারহানা

জাতীয় সংসদ সদস্যদের ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে জানা গেছে, ছয় সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন।

ভোট না দেওয়া সংসদ সদস্যরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সিলেট-৫ আসনের খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান এবং সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

এর মধ্যে ভোটদানে বিরত থাকার কারণ ব্যাখ্যা করেছেন রুমিন ফারহানা। এক বার্তায় তিনি রাষ্ট্রপতি নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসনের ভোট’ হিসেবে আখ্যায়িত করেন। তার দাবি, ভোটের ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকায় এতে প্রকৃত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ছিল না।

রুমিনের তিন কারণ

ভোট না দেওয়ার প্রথম কারণ হিসেবে রুমিন ফারহানা বলেন, তার কাছে রাষ্ট্রপতি নির্বাচনটি অর্থহীন মনে হয়েছে। কারণ, কোনো নির্বাচনে ফলাফল নিয়ে অনিশ্চয়তা না থাকলে সেটিকে প্রকৃত নির্বাচন বলা যায় না।

তার ভাষায়, রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল আগে থেকেই জানা ছিল। তাই এটি নির্বাচন নয়, বরং মনোনয়ন দেওয়ার মতো একটি প্রক্রিয়া।

দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, দেশে বড় ধরনের গণঅভ্যুত্থানের পর জনগণের আত্মত্যাগ ও প্রত্যাশার বিষয়টি বিবেচনায় নিয়ে একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার সুযোগ ছিল। কিন্তু তা করা হয়নি বলে তিনি মনে করেন।

তৃতীয় কারণকে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রুমিন ফারহানা সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গ তোলেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার বিষয়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কথা বলা হয়েছে। তার অভিযোগ, বিএনপি দীর্ঘদিন ধরে ভিশন ২০৩০-এ রাজনৈতিক সংস্কারের কথা বললেও এখন দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর কথা বলা হচ্ছে।

এ কারণেই এমন ভোটে অংশ নেওয়া থেকে তিনি বিরত থেকেছেন বলে জানান।

কী আছে সংবিধানের ৭০ অনুচ্ছেদে?

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। একইভাবে সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলেও তার সদস্যপদ শূন্য হওয়ার বিধান রয়েছে।

তবে আসন শূন্য হওয়ার পর পরবর্তী কোনো নির্বাচনে ওই ব্যক্তি আবার সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ছয় সংসদ সদস্যের ভোট না দেওয়ার বিষয়টি সামনে আসার পর রুমিন ফারহানার ব্যাখ্যায় নির্বাচন প্রক্রিয়া ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com