নতুন বিয়েতে বর জুনায়েদ মিয়ার জন্য খদ্দরে পরিবেশন করা হয়েছে আস্ত খাসি। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের বিশেষ খাবার ‘খদ্দরে’ আস্ত খাসি না থাকায় বিয়ে না করেই ফিরে গিয়ে আলোচনায় আসা জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া এবার নতুন করে বিয়ে করেছেন। এবার অবশ্য তার বিয়েতে খদ্দরে আস্ত খাসির কোনো ঘাটতি ছিল না। বরকে খাসি পরিবেশনের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের জাহের মিয়ার মেয়ে জান্নারত আক্তারের সঙ্গে ছয় লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন জুনায়েদ। বিয়ের পর তিনি বিষয়টি নিশ্চিত করে সবার কাছে তার নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন।
জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করছেন।
এর আগে সোমবার (১৭ আগস্ট) আখাউড়ার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে খদ্দরে খাসি না থাকায় বিয়ে না করেই ফিরে যান তিনি। এরপর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে কনের বাড়িতে পৌঁছানোর পর ফুল দিয়ে বরকে বরণ করা হয়। এ সময় ফুল নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন বলেও অভিযোগ ওঠে। পরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বরকে নির্ধারিত স্থানে নেওয়া হয়।
খাওয়া-দাওয়া শেষে বরপক্ষের জন্য বিশেষ খাবার হিসেবে খদ্দর পরিবেশন করা হলে সেখানে খাসি না থাকায় আপত্তি জানান জুনায়েদ। খাসি ছাড়া খাবেন না এবং খাসি না দেওয়া হলে বিয়ের আনুষ্ঠানিকতাতেও অংশ নেবেন না বলে জানান তিনি।
কনেপক্ষের আত্মীয়স্বজনসহ উপস্থিত লোকজন তাকে বিষয়টি নিয়ে বোঝানোর চেষ্টা করলেও সিদ্ধান্ত পরিবর্তন করেননি তিনি। একপর্যায়ে বিয়ে না করেই কনের বাড়ি থেকে একা ফিরে যান।
তখন কনের বাবা শফিক মিয়া জানিয়েছিলেন, খাসির বিষয়টি আগে জানানো হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা করতেন। তবে এ বিষয়ে তাকে আগে কিছু জানানো হয়নি। এরপরও উপস্থিত আত্মীয়স্বজন সবাই মিলে বরকে বোঝানোর চেষ্টা করলেও তিনি রাজি হননি।
স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়াও ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছিলেন। তার ভাষ্য ছিল, খাসির বিষয়টি নিয়ে বরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।
ঘটনার মাত্র একদিন পরই জুনায়েদের নতুন বিয়ের খবর সামনে আসে। নতুন বিয়েতে খদ্দরে খাসি পরিবেশনের ছবিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগের ঘটনায় যে খাসিকে কেন্দ্র করে বিয়ে হয়নি, এবার সেই খাসিই যেন তার নতুন বিয়ের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com