লোডশেডিংয়ের কারণে মানিকগঞ্জে সংরক্ষণাগারে পচে নষ্ট হচ্ছে কৃষকের পেঁয়াজ।
ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মানিকগঞ্জে পেঁয়াজ সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন প্রায় ৪৫০ কৃষক। বিদ্যুৎ না থাকায় সংরক্ষণাগারে বাতাস চলাচল স্বাভাবিক রাখতে ব্যবহৃত এয়ার ফ্লো মেশিন বন্ধ থাকছে। এতে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যাহত হয়ে দ্রুত পচে নষ্ট হচ্ছে মজুত করা পেঁয়াজ।
কৃষকদের দাবি, ইতোমধ্যে কয়েকশ মণ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দ্রুত সমাধান না হলে বড় ধরনের, এমনকি কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পেঁয়াজের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে দীর্ঘদিন সংরক্ষণে রাখার সুবিধার জন্য জেলার ৪৫০ জন কৃষকের মধ্যে আধুনিক এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ভালো দামের আশায় অনেক কৃষক পেঁয়াজ সংরক্ষণ করে রেখেছেন।
তবে সম্প্রতি ঘন ঘন লোডশেডিংয়ের কারণে নিয়মিতভাবে এয়ার ফ্লো মেশিন চালানো সম্ভব হচ্ছে না। ফলে সংরক্ষণাগারের পরিবেশ অনুকূলে না থাকায় পেঁয়াজে পচন ধরছে।
হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার কৃষক মো. সুমন মেম্বার বলেন, ভালো দামের আশায় কষ্ট করে উৎপাদন করা পেঁয়াজ সংরক্ষণ করেছিলেন। কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে তার চোখের সামনেই পেঁয়াজ নষ্ট হচ্ছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ঝিটকা পেঁয়াজ হাটের সহ-সভাপতি মো. বাবুল মিয়া বলেন, সংরক্ষিত পেঁয়াজ পচে যাওয়ার আশঙ্কায় অনেক কৃষক বাধ্য হয়ে কম দামে বিক্রি করে দিচ্ছেন। কিছুদিন আগেও পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৩৫ থেকে ৩৬ টাকায় নেমেছে।
কৃষকদের মতে, বিদ্যুৎ বিভ্রাটের দ্রুত সমাধান না হলে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার সুফল পাওয়া যাবে না। এয়ার ফ্লো মেশিন সচল রাখতে বিকল্প বিদ্যুৎ বা সৌরশক্তির ব্যবস্থা করা গেলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব বলেও মনে করছেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ বলেন, জেলার ৪৫০ কৃষককে দেওয়া এয়ার ফ্লো মেশিন দীর্ঘমেয়াদে পেঁয়াজ সংরক্ষণের জন্য কার্যকর। তবে সাম্প্রতিক লোডশেডিংয়ের কারণে মেশিন পরিচালনায় সমস্যা হচ্ছে। কৃষকদের ক্ষতি কমানোর পাশাপাশি বিকল্প উপায়ে সমস্যার সমাধান করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com