তিন দিনের ছুটি নিয়ে সাড়ে তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। তবে জিল্লুর রহমান অনুমতি না নিয়েই যুক্তরাষ্ট্রে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর তৎকালীন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি দেন। তখন তিনি বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বেও ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ আগস্ট জিল্লুর রহমান বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তিন দিনের ছুটি নেন। পরদিন ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। এরপর আর বিদ্যালয়ে ফেরেননি। ফলে তিন দিনের ছুটি নিয়ে টানা সাড়ে তিন বছর ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
এর আগেও বিদেশ যাওয়ার নজির রয়েছে জিল্লুর রহমানের। ২০২১ সালের ১৯ ডিসেম্বর প্রথমবার যুক্তরাষ্ট্রে যান তিনি। প্রায় পাঁচ মাস চার দিন পর দেশে ফেরেন। ওই সময় তিনি বিদ্যালয় থেকে দুই মাসের ছুটি নিয়েছিলেন। তবে বিদেশ যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেননি বলে জানা গেছে। দেশে ফেরার পর তিনি সরকারি বেতন-ভাতাও উত্তোলন করেন বলে বিদ্যালয় সূত্র জানিয়েছে।
২০১৭ সালের ১৯ মার্চ রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।
অভিভাবক জাকির হোসেন ও রাজিব হোসেন জানান, কয়েক বছর আগেও এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ফলাফল ভালো ছিল। তখন সন্তানদের এ বিদ্যালয়ে ভর্তি করানো নিয়ে অভিভাবকদের মধ্যে আগ্রহ ছিল। কিন্তু কয়েক বছর ধরে আশানুরূপ ফলাফল না হওয়ায় শিক্ষার মান ও সার্বিক পরিবেশ নিয়ে হতাশা তৈরি হয়েছে।
বিদ্যালয়ের তিন শিক্ষক জানান, প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় প্রশাসনিক কার্যক্রমে নানা সংকট তৈরি হয়েছে। তার নেতৃত্ব না থাকায় বিদ্যালয় পরিচালনায় সমস্যা হচ্ছে। একই সঙ্গে প্রধান শিক্ষক নিজেই নিয়মনীতি না মানায় অন্য শিক্ষক-কর্মচারীদের মধ্যেও দায়িত্ব পালনে অনীহা তৈরি হচ্ছে বলে অভিযোগ তাদের।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা ফারুকী বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তিনি কবে বিদ্যালয়ে যোগ দেবেন, সেটিও নিশ্চিতভাবে জানাননি। ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এখনো তাঁর পদটি শূন্য ঘোষণা করা হয়নি।
অভিযোগের বিষয়ে মো. জিল্লুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ যেতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। কিন্তু জিল্লুর রহমান বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো অনুমতি নেননি। বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com