মিষ্টির টাকা দিয়ে সহপাঠীর ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে এসএসসি পাস শিক্ষার্থীরা
এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে সেই অর্থ সহপাঠীর ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টাঙ্গাইলের সখীপুরের একদল শিক্ষার্থী। আনন্দ-উৎসবের বদলে মানবিকতার এমন দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলার কালিদাস গ্রামের কলতান বিদ্যানিকেতনের সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থীরা।
রোববার সকালে তারা সহপাঠী নাঈম হাসানের ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়। পরে শিক্ষার্থীদের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বিদ্যালয়ের শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা আরও ২০ হাজার টাকা সংগ্রহ করে দেন। সব মিলিয়ে চিকিৎসার জন্য নাঈমের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৪০ হাজার টাকা।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কিছুদিন আগে নাঈমের মায়ের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিকভাবে অসচ্ছল পরিবারটি কঠিন পরিস্থিতিতে পড়ে। বিষয়টি জানতে পেরে নাঈমের সহপাঠীরা পাসের আনন্দে মিষ্টি না খেয়ে সেই অর্থ তার মায়ের চিকিৎসায় দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা তাদের জমানো ২০ হাজার টাকা নাঈমের দাদা আব্দুস সাত্তার সিকদারের হাতে তুলে দেয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক ও অন্য শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত আরও ২০ হাজার টাকা দেওয়া হয়।
সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থী ইমরান, জাহিদ ও আপন জানায়, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দে মিষ্টিমুখ করার চেয়ে বিপদের সময়ে সহপাঠীর পরিবারের পাশে দাঁড়াতে পেরে তারা বেশি আনন্দিত।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, কলতান বিদ্যানিকেতনের কারিগরি (ভোকেশনাল) শাখা থেকে এ বছর জিপিএ ৪ দশমিক ৮২ পেয়ে উত্তীর্ণ হয়েছে নাঈম। বন্ধুদের এমন উদ্যোগে আবেগাপ্লুত হয়ে সে মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে। একই সঙ্গে সহপাঠী ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিদ্যালয়ের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, সদ্য পাস করা শিক্ষার্থীদের ২০ হাজার এবং শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের ২০ হাজার—সব মিলিয়ে নাঈমের মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। অল্প বয়সেই শিক্ষার্থীদের এমন মানবিক ও পরিণত উদ্যোগ তাকে আবেগাপ্লুত করেছে বলেও জানান তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com