স্কুলে আসেন না শিক্ষকরা, কুড়িগ্রামে লাঠিসোঁটা হাতে শিশুদের আন্দোলন
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত না আসায় লাঠিসোঁটা হাতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। শিক্ষকরা বিদ্যালয়ে এসে নিয়মিত পাঠদান করবেন—এমন দাবিতে বন্ধ শ্রেণিকক্ষের দরজায় লাথি মেরে অভিনব প্রতিবাদ জানিয়েছে কোমলমতি শিক্ষার্থীরা।
সোমবার (১৭ আগস্ট) সকালে খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা দেখতে পায়, সব শ্রেণিকক্ষ তালাবদ্ধ। দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো শিক্ষক বিদ্যালয়ে না আসায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে নিয়ে বন্ধ শ্রেণিকক্ষের সামনে বিক্ষোভ শুরু করে এবং দরজায় লাথি দিতে থাকে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মাজেদুল, শিশু খাতুন ও সামসুন্নাহার জানায়, শিক্ষকরা অনেক দিন ধরে নিয়মিত বিদ্যালয়ে আসছেন না। ফলে সময়মতো ক্লাসও হয় না। শিক্ষকরা যেন নিয়মিত স্কুলে এসে পাঠদান করেন, সেই দাবিতেই তারা আন্দোলনে নেমেছে।
স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমে এমন অবস্থা চলছে। বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক থাকলেও কেউ নিয়মিত উপস্থিত থাকেন না বলে অভিযোগ করেন তিনি। প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
আল আমিন বলেন, সোমবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে না আসায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, বিষয়টি তার নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com