৩০০ ফুট নিচে নেমেছিল ফ্লাইট, মাদক পরীক্ষায় ফেল এয়ার ইন্ডিয়ার আরও ২ পাইল
ফুকেট-দিল্লি রুটের একটি ফ্লাইটে আকস্মিকভাবে প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনার পর এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট প্রাথমিক মাদক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, তাদের চূড়ান্ত পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি। এরই মধ্যে দুই পাইলটকে ডিউটি তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হওয়ার ওই ঘটনার পর এয়ার ইন্ডিয়া নতুন মানসম্মত পরিচালন পদ্ধতির অংশ হিসেবে সব পাইলটের মাদক পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। এখন পর্যন্ত এয়ারলাইনটির ৩০০-এর বেশি পাইলট এ পরীক্ষার আওতায় এসেছেন।
এর আগে ফুকেট-দিল্লি ফ্লাইটটির প্রধান পাইলটের দুটি প্রস্রাবের নমুনা পরীক্ষা করা হয়। দুটিতেই মাদকের উপস্থিতি ধরা পড়ে। পরীক্ষায় গাঁজার উপস্থিতি শনাক্ত হওয়ার পরই অন্য পাইলটদেরও মাদক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। চূড়ান্ত পরীক্ষার ফল পেতে সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনাটি ঘটে এয়ারবাস এ-৩২০নিও উড়োজাহাজে। ফ্লাইটটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় চার সেকেন্ডের জন্য উড়োজাহাজটির এলিভেটর ও এলেরনসহ প্রধান নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো একযোগে নিয়ন্ত্রণ হারিয়েছিল। একই সময়ে হাইড্রলিক ব্যবস্থায় ত্রুটির কারণে স্পয়লারগুলোরও নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়।
এলিভেটর উড়োজাহাজের নাক ওপর-নিচে ওঠানো-নামানোর কাজ করে। অন্যদিকে, এলেরন ডানার দুই প্রান্তের অবস্থান পরিবর্তনের মাধ্যমে উড়োজাহাজকে ডানে-বামে ঘোরাতে সহায়তা করে। স্পয়লার লিফট কমিয়ে উড়োজাহাজের উচ্চতা ও গতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
প্রাথমিকভাবে ঘটনাটিকে টারবুলেন্সের ফল হিসেবে জানানো হয়েছিল। পরে উড়োজাহাজের পরিচালনাসংক্রান্ত তথ্য ও নথি বিশ্লেষণে ঘটনার প্রকৃতি নিয়ে নতুন তথ্য সামনে আসে।
তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বেসামরিক বিমান চলাচলের বিধি অনুযায়ী কেবিন ও উড়োজাহাজের কর্মীদের নিয়মিত মাদক পরীক্ষা করা হয়। কোনো নির্দিষ্ট ফ্লাইট বা পরিচালনাগত ঘটনার সঙ্গে এসব পরীক্ষার সম্পর্ক নেই বলেও দাবি করেছে এয়ারলাইনটি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com