স্বাধীনতা দিবসের ভাষণে জেন জিকে বিজয়ের বিশেষ শুভেচ্ছা
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে জেন জি প্রজন্মকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা সি জে বিজয়। চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে জাতীয় পতাকা উত্তোলনের আগে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘ভানাক্কম জেন জি’।
ভাষণের শুরুতেই বিজয় বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তামিল জনগোষ্ঠী এবং জেন জি প্রজন্মের বন্ধুদের তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। এ সময় অনুষ্ঠানের সামনের সারিতে উপস্থিত ছিলেন বিজয়ের বাবা-মা এসএ চন্দ্রশেখর ও শোভা চন্দ্রশেখর এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণন।
স্বাধীনতা দিবসের বক্তব্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রশাসনিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তবে একই সঙ্গে তিনি বলেন, রাজ্যের অধিকার ক্ষুণ্ন করে এমন কোনো নীতির বিরোধিতা করবে তার সরকার।
বিজয় বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠাও এক ধরনের স্বাধীনতা। তার সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে সরকারি ব্যবস্থায় দুর্নীতি দূর করা এবং জনগণের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করা।
সরকারি রাজস্ব যেন কোনো ব্যক্তিবিশেষের স্বার্থে ব্যবহার না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। সরকারের প্রতিটি বিভাগে দুর্নীতি নির্মূলে ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
জনগণকে কেন্দ্র করেই তার সরকার কাজ করছে উল্লেখ করে বিজয় বলেন, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে ‘জিরো টলারেন্স’ মনোভাব গড়ে তোলাও সরকারের অন্যতম লক্ষ্য।
ভাষণে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির নাম না নিয়ে বিজয় বলেন, তার সরকারের বিরুদ্ধে যারা কাজ করছে, তাদের পরাজিত করা হবে। সরকারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তা প্রতিহত করারও ঘোষণা দেন তিনি।
কেন্দ্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে নিজের সরকারের অবস্থানও পরিষ্কার করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রশাসনিক বিষয়ে কেন্দ্রকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তবে রাজ্যের অধিকার ক্ষুণ্ন করে এমন কোনো নীতি নেওয়া হলে তার বিরোধিতা অব্যাহত থাকবে।
আগামী ১৫ সেপ্টেম্বর দ্রাবিড় আন্দোলনের অন্যতম নেতা সিএন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে নতুন একটি প্রকল্প চালুর ঘোষণা দেন বিজয়। রাজ্য পরিচালিত হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের ‘থাইমামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ প্রকল্পের আওতায় স্বর্ণের আংটি উপহার দেওয়া হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি।
স্বাধীনতা দিবসের ভাষণে সাবেক সেনাসদস্য ও স্বাধীনতা সংগ্রামীদের জন্যও আর্থিক সহায়তা বাড়ানোর ঘোষণা দেন তিনি।
প্রাক্তন সেনাসদস্যদের সর্বোচ্চ দুই মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা ২৫ হাজার রুপি থেকে বাড়িয়ে ৫০ হাজার রুপি করা হবে। প্রতিবন্ধী প্রাক্তন সেনাসদস্য ও তাদের পরিবারের মাসিক সহায়তাও ৫ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার রুপি করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।
এ ছাড়া স্বাধীনতা সংগ্রামীদের মাসিক পেনশন বাড়িয়ে ২৩ হাজার রুপি এবং তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের পারিবারিক পেনশন ১২ হাজার ৫০০ রুপি করার কথা জানান তিনি।
ভাষণের শেষদিকে তামিলনাড়ুর জনগণকে ধন্যবাদ জানান বিজয়। তিনি বলেন, জাত-ধর্মের বিভাজন এবং অর্থ ও পেশিশক্তিনির্ভর রাজনীতিকে প্রত্যাখ্যান করে জনগণ তার সরকারকে সমর্থন দিয়েছে। জনগণের এই আস্থার মর্যাদা রেখে সামাজিক ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাবে।
সূত্র: এনডিটিভি
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com