ঢাকা, ০৯ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:০২ এএম, ০৯ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

ধূমপান-বায়ুদূষণে রক্তে বাড়তে পারে মাইক্রোপ্লাস্টিক, হৃদ্‌রোগের ঝুঁকির ইঙ্গিত

প্রকাশিত : ০২:০২ এএম, ০৯ আগস্ট ২০২৬

ধূমপান ও বায়ুদূষণের কারণে রক্তে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

নিউজ ডেস্ক :

ধূমপান ও বায়ুদূষণের কারণে মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক প্রবেশের আশঙ্কা বাড়তে পারে। ইতালিতে পরিচালিত নতুন এক গবেষণায় রক্তে এসব ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতির সঙ্গে হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাকের সম্ভাব্য সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে।

অক্সফোর্ড একাডেমিকের এক প্রতিবেদনে গবেষণার এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

গবেষণায় নেতৃত্ব দেন ইতালির রোমের সাপিয়েঞ্জা ইউনিভার্সিটির সান্ত'আন্দ্রেয়া হাসপাতালের গবেষক পাসকুয়ালে পাওলিসো। গবেষকরা হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহকারী রক্তনালি থেকে ৬১ জন রোগীর নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে হার্ট অ্যাটাকে আক্রান্ত, হৃদ্‌রোগে আক্রান্ত কিন্তু হার্ট অ্যাটাক হয়নি এমন ব্যক্তি এবং সুস্থ রক্তনালির রোগী ছিলেন।

গবেষণার ফলাফলে দেখা যায়, হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীদের ৮৪ শতাংশের রক্তে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি ছিল। হার্ট অ্যাটাক না হওয়া হৃদ্‌রোগীদের মধ্যে এ হার ৪০ শতাংশ। অন্যদিকে সুস্থ রক্তনালির রোগীদের ৩২ শতাংশের রক্তেও এসব কণা পাওয়া যায়।

গবেষণায় ধূমপান ও বায়ুদূষণের বিষয়টিও বিশেষভাবে উঠে এসেছে। গবেষকদের হিসাবে, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের রক্তে উচ্চমাত্রায় মাইক্রোপ্লাস্টিক থাকার সম্ভাবনা প্রায় ছয় গুণ বেশি। নিয়মিত বেশি মাত্রার বায়ুদূষণের সংস্পর্শে থাকা ব্যক্তিদের মধ্যেও একই ধরনের প্রবণতা দেখা গেছে।

যারা একই সঙ্গে ধূমপান ও বায়ুদূষণের সংস্পর্শে ছিলেন, তাদের প্রত্যেকের রক্তে উচ্চমাত্রার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বিপরীতে, এসব ঝুঁকির কোনোটির সংস্পর্শে না থাকা ব্যক্তিদের মাত্র ১২ দশমিক ৫ শতাংশের রক্তে উচ্চমাত্রার মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়।

গবেষকদের ধারণা, ধূমপান ও বায়ুদূষণের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করা ক্ষুদ্র প্লাস্টিক কণা রক্তপ্রবাহে পৌঁছানোর সুযোগ বাড়তে পারে। গবেষণার প্রধান লেখক পাসকুয়ালে পাওলিসোর মতে, ধূমপান ও বায়ুদূষণ—দুটিই ফুসফুসের মাধ্যমে এসব কণা শরীরে প্রবেশের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

যুক্তরাষ্ট্রের হ্যাকেনস্যাক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ড. ক্রেইগ বাসম্যান বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের রক্তে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত হয়েছে। তার মতে, ফলাফলগুলো মাইক্রোপ্লাস্টিক ও হৃদ্‌রোগের মধ্যে সম্ভাব্য যোগসূত্রের ইঙ্গিত দেয়।

তবে গবেষণাটির জ্যেষ্ঠ লেখক এমানুয়েলে বারবাতো সতর্ক করে বলেছেন, মাইক্রোপ্লাস্টিক সরাসরি হার্ট অ্যাটাক ঘটায়—এমন প্রমাণ এই গবেষণায় পাওয়া যায়নি। বরং পরিবেশগত দূষণ, রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি এবং হৃদ্‌রোগের মধ্যে শক্তিশালী সম্পর্কের সম্ভাবনা দেখা গেছে।

গত ১৫ জুলাই ইউরোপিয়ান হার্ট জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়। তবে মাত্র ৬১ জনের ওপর গবেষণাটি পরিচালিত হওয়ায় এর ফলাফল নিশ্চিত করতে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com