প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা আলিয়া শাখা ছাত্রশিবির সভাপতি মো. আব্দুল আলিম।
নিজস্ব প্রতিবেদক
ছাত্রদল-শিবিরের সংঘর্ষকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা শাখার সভাপতি মো. আব্দুল আলিম।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তার বক্তব্যের শব্দচয়নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীদের আবাসিক হল ও পরীক্ষা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান তিনি।
আব্দুল আলিমের দাবি, গত ৪ আগস্ট সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি হলে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে অতর্কিত হামলা চালান। এতে সাধারণ শিক্ষার্থীদের মারধর করে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। পরে হলে অস্ত্রসহ অবস্থান এবং হলের আশপাশে শিক্ষার্থীদের মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে বলে জানান তিনি।
তিনি বলেন, ওই ঘটনার পর থেকে তিনি ও সাধারণ শিক্ষার্থীরা চারদিন ধরে হলের বাইরে অবস্থান করছেন। এর মধ্যে শনিবার দুপুর সাড়ে ১টা থেকে অনেক শিক্ষার্থীর অনার্স পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আব্দুল আলিমের ভাষ্য, পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় দুপুর ১টা ১০ মিনিটের দিকে মেডিকেল মোড়ে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। দীর্ঘ সময় অপেক্ষার পরও দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের মাদ্রাসায় প্রবেশ করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, এ পরিস্থিতিতে চরম ক্ষোভ, হতাশা ও মানসিক চাপের মধ্যে তিনি অসচেতনভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এমন কিছু মন্তব্য করেন, যা তার করা উচিত হয়নি।
নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে আব্দুল আলিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যের শব্দচয়নের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। ওই পরিস্থিতিতে এমন শব্দ ব্যবহার করা তার উচিত হয়নি বলেও স্বীকার করেন তিনি।
তবে বক্তব্যের শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মূল সমস্যাগুলোর সমাধানের দাবি জানিয়েছেন ঢাকা আলিয়া শিবির সভাপতি।
তিনি প্রশ্ন তুলে বলেন, সাধারণ শিক্ষার্থীদের কেন হল থেকে বের করে দেওয়া হলো, কেন তাদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি এবং কেন তারা এখনো নিজেদের হলে নিরাপদে ফিরতে পারছেন না—এসব বিষয়ও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে আব্দুল আলিম গত ৪ আগস্টের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর, হল থেকে বের করে দেওয়া, অস্ত্রসহ হলে অবস্থান এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাইয়ের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।
এ ছাড়া শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগেরও তদন্ত দাবি করেন আব্দুল আলিম। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যেন এ ধরনের পরিস্থিতির কারণে পরীক্ষায় অংশ নেওয়া থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সাধারণ শিক্ষার্থীদের নিরাপদে নিজ নিজ হলে ফিরিয়ে দিয়ে দ্রুত স্বাভাবিক আবাসিক পরিবেশ, শিক্ষার পরিবেশ ও পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান তিনি।
আব্দুল আলিম তার ফেসবুক পোস্টে বলেন, তারা কোনো সংঘাত চান না। সাধারণ শিক্ষার্থীরা যেন নিরাপদে হলে ফিরে নিয়মিত পড়াশোনা করতে পারেন এবং নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন—এটাই তাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিরাপদে হলে ফিরিয়ে তাদের শিক্ষা ও পরীক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রশিবিরের এই নেতা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com