সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যাকাণ্ড, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যা, শাপলা চত্বর ও পিলখানা ট্র্যাজেডিসহ বিভিন্ন গুম-খুনের ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। অন্যথায় বর্তমান সরকার পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারবে না বলে তিনি সতর্ক করেন।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগর এলাকায় ‘আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার দাবি’ শীর্ষক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের দুই বছর পরও বহু আলোচিত ঘটনার বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তার ভাষায়, বিচার নিশ্চিত করার দাবিতে এখনও রাজপথে নামতে হওয়া দুঃখজনক।
তিনি বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও সহিংসতার ঘটনাগুলোর ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে জনগণের ক্ষোভ আরও বাড়বে।
আওয়ামী লীগের সমালোচনা করে এনসিপি নেতা দাবি করেন, দলটি দীর্ঘ সময় ক্ষমতায় থেকে বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বিভিন্ন দমনমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের অবস্থান আগের মতো নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর কয়েক মাস কেটে গেলেও উল্লেখযোগ্য কোনো নতুন রায় বা তদন্ত প্রতিবেদন প্রকাশ পায়নি।
এ সময় তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যক্রমের সমালোচনা করে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তোলেন এবং তার পদত্যাগ দাবি করেন। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় তারা আপস করবেন না।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com