সংগৃহীত
ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগর এলাকায় সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আদালতের রায় ঘোষণার কিছুক্ষণ পরই। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
নিহত জাফর কামরুদ্দিন সাইয়্যেদ প্যাটেলের বয়স ছিল ৮২ বছর। তিনি সরকারি পানিসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছেলে আবদুল রেহমানের সঙ্গে তার বিরোধ চলছিল। পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ ও নির্যাতনের অভিযোগ তুলে তিনি আইনি আশ্রয় নিয়েছিলেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আবদুল রেহমান পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই তার বিরোধ ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতো বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে জাফর প্যাটেল নিজ বাসভবন ছেড়ে মেয়ের কাছে চলে যান এবং পরে ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদের দাবিতে আদালতে মামলা করেন।
সম্প্রতি আদালত বৃদ্ধের পক্ষে রায় দেন। আদালতের নির্দেশে বাড়ির মালিকানা পুনরায় তার নিয়ন্ত্রণে আসে এবং ছেলেকে বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, এই রায়ে ক্ষুব্ধ হয়ে আবদুল রেহমান আদালত থেকে ফেরার পথে বাবার গতিরোধ করেন। পরে প্রকাশ্য সড়কে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত হন জাফর প্যাটেল।
বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মেয়েও হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বৃদ্ধকে বাঁচানো সম্ভব হয়নি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ, পারিবারিক বিরোধের প্রকৃতি এবং ঘটনার অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com