ভারতে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ ও ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের
ভারতের রাজনৈতিক ব্যবস্থা সংস্কার এবং ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ ও ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ আহ্বান জানিয়েছেন জলবায়ু কর্মী ও শিক্ষাসংস্কারক সোনম ওয়াংচুক।
স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীর প্রতি দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারেন—এমন নিঃস্বার্থ ও নির্ভীক ব্যক্তিদের নাম প্রস্তাব করার আহ্বান জানান।
ওয়াংচুকের মতে, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও সম্মানজনক রাষ্ট্রে পরিণত করতে হলে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। তিনি দাবি করেন, গত পাঁচ দশকে মাথাপিছু আয়ের দিক থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো কয়েকটি দেশ ভারতের তুলনায় এগিয়ে গেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে বৈশ্বিক অর্থনীতিতে ভারত পিছিয়ে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
দেশের অগ্রগতির জন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সোনম ওয়াংচুক। একই সঙ্গে বর্তমান শাসনব্যবস্থার সংকটের জন্য কোনো একটি রাজনৈতিক দলকে দায়ী না করে তিনি সামগ্রিক রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন।
২০১২-১৩ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেই আন্দোলনের পর ক্ষমতার পরিবর্তন হলেও দুর্নীতির অবসান হয়নি। বরং দুর্নীতি নতুন ও আরও ভয়াবহ রূপ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ওয়াংচুক বলেন, তার এই সমালোচনা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা বিরোধীদের উদ্দেশে নয়; বরং দেশের সামগ্রিক স্বার্থেই তিনি এমন কথা বলছেন। ভারতের উন্নয়নের জন্য বড় ধরনের পরিবর্তন বা একটি ‘শান্তিপূর্ণ বিপ্লব’ প্রয়োজন বলেও মত দেন তিনি।
তার ভাষ্য, সঠিক নেতৃত্ব নির্বাচন করা না গেলে দেশ ভুল পথেই এগোতে থাকবে। এ জন্য দেশের সেরা, যোগ্য, নিঃস্বার্থ ও সাহসী মানুষদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আইনপ্রণেতাদের বিরুদ্ধে থাকা অপরাধের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সোনম ওয়াংচুক। তার দাবি, ভারতের সংসদের প্রায় অর্ধেক সদস্যের বিরুদ্ধে কোনো না কোনো অপরাধের অভিযোগ রয়েছে এবং প্রায় এক-তৃতীয়াংশের বিরুদ্ধে হত্যা বা ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
এমন পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে তিনি নাগরিকদের মধ্য থেকে যোগ্য ও নিঃস্বার্থ নেতৃত্ব বেছে নেওয়ার ওপর গুরুত্ব দেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com