এসএসসির ফল প্রকাশের একদিন আগে মারা যাওয়া কাজী রেজা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের মাত্র একদিন আগে আকস্মিক মৃত্যু হয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলার এক শিক্ষার্থীর। রোববার (৯ আগস্ট) হঠাৎ শ্বাসকষ্টে মারা যায় সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬)।
মর্মান্তিক বিষয় হলো, তার মৃত্যুর পরদিন সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৪.১১ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে রেজা। ফল প্রকাশের দিন বেঁচে থাকলে নিজের সাফল্যে পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার কথা ছিল তার। কিন্তু সেই আনন্দের দিনে সন্তান হারানোর শোকে কাঁদছে পরিবার।
কাজী রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়ির বাসিন্দা কাজী আলফু মিয়ার ছেলে। চলতি বছর সে সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে বাড়িতে অবস্থানকালে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় রেজার। দ্রুত তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসএসসির ফল প্রকাশের ঠিক একদিন আগে ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন রেজার বাবা-মা ও স্বজনরা। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চক্রামপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, কাজী রেজা বিজ্ঞান বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। সে ৪.১১ জিপিএ পেয়ে এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। আজ সে বেঁচে থাকলে নিজের ফলাফল দেখে নিঃসন্দেহে অনেক আনন্দিত হতো।
রেজার এমন আকস্মিক মৃত্যু এবং ফল প্রকাশের পর তার সাফল্যের খবর পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com