ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট) সকালে নৌকায় করে তিনি ভাসমান হাট পরিদর্শন করেন।
এ সময় হাটের পেয়ারা বেচাকেনা, কৃষকদের কর্মব্যস্ততা এবং স্থানীয় পরিবেশ উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত। পাশাপাশি ভীমরুলীর বিখ্যাত পেয়ারার স্বাদও নেন তিনি।
সকাল ৯টার দিকে ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন ফুল দিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে শুভেচ্ছা জানান। পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছোট একটি নৌকায় হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি।
নৌকায় বসে পেয়ারা বেচাকেনা ও পরিবহনের কার্যক্রম প্রত্যক্ষ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় হাটসংলগ্ন খাল-বিল, সবুজে ঘেরা পরিবেশ এবং পেয়ারা বাগানের সৌন্দর্যও উপভোগ করেন। পাশাপাশি স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি।
হাট পরিদর্শন শেষে ট্রলারে করে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশে রওনা হন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় তার সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ঘুরে তিনি বেশ আনন্দ পেয়েছেন। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাকে মুগ্ধ করেছে।
বাংলাদেশের গ্রামীণ জীবন, স্থানীয় মানুষের কর্মব্যস্ততা এবং দেশের প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তিনি আনন্দিত বলেও জানান ব্রেন্ট ক্রিস্টেনসেন।
মার্কিন রাষ্ট্রদূতের এ সফরকে কেন্দ্র করে ভীমরুলীর পেয়ারা চাষি, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com