ঢাকা, ১০ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:১৫ এএম, ০৯ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

প্রকাশিত : ০৯:১৫ এএম, ০৯ আগস্ট ২০২৬

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে পরিচিতি পাওয়া ‘ভাইরাল মিজান’।

নিউজ ডেস্ক :

মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিলেন। এর অংশ হিসেবে আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।

এ সময় মিজান তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাদের ওপর চড়াও হন বলে অভিযোগ পুলিশের।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বাগ্‌বিতণ্ডার সময় মিজান সিটি করপোরেশনের কর্মী এবং পুলিশের সদস্যদের আঘাত করেন। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যেভাবে ‘ভাইরাল মিজান’ হয়ে ওঠেন

এর আগে আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি খাবারের দোকান পরিচালনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান মিজানুর রহমান মিজান।

তার দোকানে মাত্র ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে ভাত, আলু ও ডাল খাওয়ার সুযোগ ছিল। কম দামে এমন খাবার পরিবেশনের কারণে অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দোকানটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

মিজানের দোকানের নাম ছিল—‘নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন’। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে এটি ‘গরিবের বুফে’ নামেও পরিচিতি পায়।

দোকানে খাবার পরিবেশন ও খাওয়ার বিশেষ পদ্ধতির বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিজানুর রহমান ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত হয়ে ওঠেন।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com