মোদির ‘দিমাগি নকশাল’ মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ‘দিমাগি নকশাল জনতা পার্টি’।
গত ১৫ আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় দেওয়া ভাষণে মাওবাদ ও নকশালবাদ প্রসঙ্গে ‘দিমাগি নকশাল’ শব্দটি ব্যবহার করেন মোদি।
ভাষণে তিনি বলেন, সশস্ত্র মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও মাওবাদী মতাদর্শে বিশ্বাসী কিছু মানুষ এখনো সমাজে সক্রিয় রয়েছে। তারা তরুণদের প্রভাবিত করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
মোদি এ ধরনের ব্যক্তিদের ‘দিমাগি নকশাল’ হিসেবে উল্লেখ করে তাদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করার আহ্বান জানান।
এর পরদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’। সংগঠনটি নিজেদের রাজনৈতিক ব্যঙ্গ ও প্রতিবাদের একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দিচ্ছে।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভারতের বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও সরকারি সিদ্ধান্ত নিয়ে ব্যঙ্গাত্মক লেখা, ছবি ও অন্যান্য পোস্ট প্রকাশ করা হচ্ছে। অ্যাকাউন্ট চালুর প্রথম ২৪ ঘণ্টায় সেখানে ৬২টি পোস্ট দেওয়া হয়। একই সময়ে অনুসারীর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়। সংগঠনটি প্রায় ৩৫টি অ্যাকাউন্ট অনুসরণ করছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি আগস্টেই অ্যাকাউন্টটি খোলা হয়। তবে এর পেছনে কারা রয়েছেন বা কারা এটি পরিচালনা করছেন, সে বিষয়ে এখনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
সোমবার সকালে কয়েক ঘণ্টার জন্য অ্যাকাউন্টটি ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যায়নি। তখন অ্যাকাউন্টটি সরিয়ে দেওয়া হয়েছে বা লিংকটি অকার্যকর—এমন বার্তা দেখা যায়। পরে সেটি আবার সক্রিয় হয়।
এরপর সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, তাদের অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হয়েছিল। একটি পোস্টে তারা জানায়, তাদের কণ্ঠ থামানোর চেষ্টা করা হলেও তারা পিছিয়ে যাবে না।
সংগঠনটির মূলমন্ত্র হিসেবে দেওয়া হয়েছে—‘ভাবুন, গবেষণা করুন, প্রতিরোধ করুন’। পরিচিতিতেও রয়েছে ব্যঙ্গাত্মক উপস্থাপন। সেখানে প্রতিষ্ঠাতাকে ‘দিমাগি ভারতীয়’ এবং সহপ্রতিষ্ঠাতাকে ‘৫৬ ইঞ্চি’র একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন পোস্টে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ভগৎ সিংহের আদর্শ অনুসরণের কথা তুলে ধরা হয়েছে। নিজেদের ভগৎ সিংহের অনুসারী হিসেবেও পরিচয় দিচ্ছে সংগঠনটি।
তাদের বক্তব্য, অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া কিংবা দেশবিরোধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হলে তা ভগৎ সিংহের আদর্শের প্রতি অসম্মান হবে।
ইনস্টাগ্রামের পাশাপাশি ‘দিমাগি নকশাল জনতা পার্টি’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও কার্যক্রম চালাচ্ছে। সেখানে অনুসারীর সংখ্যা তুলনামূলক কম হলেও সংগঠনটির বিভিন্ন পোস্ট কয়েক হাজারবার দেখা হয়েছে। এক্স অ্যাকাউন্টটিও চলতি আগস্টে খোলা হয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যঙ্গ বর্তমানে তরুণদের প্রতিবাদ ও মতপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে। এর আগে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপিকে ঘিরেও তরুণদের মধ্যে আগ্রহ দেখা গিয়েছিল। সেই ধারাবাহিকতায় নতুন নতুন ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম সামনে আসছে।
‘দিমাগি নকশাল জনতা পার্টি’র অনুসরণ তালিকায় কৌতুকশিল্পী কুণাল কামরা, ইউটিউবার ধ্রুব রাঠি, অভিনেতা প্রকাশ রাজ, চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী সোনাক্ষী সিনহা, কৌতুকশিল্পী শ্যাম রঙ্গিলা, সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং সাংবাদিক রবীশ কুমারের মতো পরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্ট রয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com