ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৭:৪৮ এএম, ১৮ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

দুবাইয়ে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগ, বাংলাদেশে সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট

প্রকাশিত : ০৭:৪৮ এএম, ১৮ আগস্ট ২০২৬

দুবাইয়ে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগে বাংলাদেশে সরাসরি সাক্ষাৎকার।

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ আগস্ট ঢাকার বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার ও বাছাই অনুষ্ঠিত হবে।

নিয়োগ কার্যক্রমের স্থানীয় আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে বাংলাদেশ সরকারের অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫)। প্রার্থীদের সরাসরি যাচাই ও নির্বাচনের জন্য দুবাইয়ের ওই কোম্পানির একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দুবাইয়ের ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশ থেকে চালক নিয়োগের আগ্রহের কথা জানান।

প্রতিনিধিদলটি জানায়, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমোজিন চালক হিসেবে কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের কর্মদক্ষতা ও পরিশ্রমের কথা উল্লেখ করে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় বলেও প্রতিনিধিরা জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে। চাকরির মেয়াদ দুই বছর, যা পরবর্তীতে নবায়নের সুযোগ রয়েছে। নির্বাচিত চালকেরা কোম্পানির নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক আয় করতে পারবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল পরীক্ষা এবং এমিরেটস আইডি সংক্রান্ত খরচ কোম্পানি বহন করবে। কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থাও করা হবে। তবে গাড়ি পাওয়ার তিন মাস পর আবাসন বাবদ নির্ধারিত অর্থ মাসিক বেতন থেকে কেটে নেওয়া হবে।

চাকরির অন্যান্য শর্ত ও সুযোগ-সুবিধা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।

সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের সঙ্গে মূল পাসপোর্ট, পাসপোর্টের রঙিন ফটোকপি, সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স ও এর রঙিন ফটোকপি, জীবনবৃত্তান্ত (সিভি) এবং শিক্ষাগত যোগ্যতার সনদের রঙিন ফটোকপি রাখতে বলা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com