ডোনাল্ড ট্রাম্প ও নির্বাহী সহকারী ন্যাটালি হার্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নির্বাহী সহকারী ন্যাটালি হার্পের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। ৩৫ বছর বয়সী এই সহকারীর লেখা একটি ব্যক্তিগত চিঠির বিষয়বস্তু সামনে আসার পর ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ড সফরের সময় একটি ঘটনার পর ট্রাম্পকে চিঠিটি লিখেছিলেন ন্যাটালি হার্প। গত ২২ জুলাই ডেলাওয়ারে ইরান যুদ্ধের মার্কিন সামরিক হতাহতদের একটি সমাহিতকরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে স্কটল্যান্ডে ট্রাম্পের সঙ্গে ছিলেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, স্কটল্যান্ডের একটি গলফ কোর্সে ট্রাম্পের গলফ কার্টের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে সমস্যায় পড়েন হার্প। তাকে ট্রাম্পের জন্য ইতিবাচক খবরাখবর সংগ্রহ ও পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে দেখা যায়। এ সময় দীর্ঘ পথ তাকে হেঁটে বা দৌড়ে অনুসরণ করতে হয়।
পরে ট্রাম্পকে পাঠানো চিঠিতে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন হার্প। একই সঙ্গে তাদের মধ্যকার সম্পর্ক সবসময় ঠিক রাখার ইচ্ছার কথাও জানান তিনি।
চিঠিতে নিজের মানসিক চাপ ও অতিরিক্ত কাজের চাপের কথাও উল্লেখ করেন হার্প। তিনি জানান, কাজের ব্যস্ততার কারণে কখনো খাওয়া ও ঘুমের কথাও ভুলে যাচ্ছেন। চিঠির শেষেও ট্রাম্পের প্রতি গভীর আবেগপূর্ণ বক্তব্য রাখেন তিনি।
ট্রাম্পের সঙ্গে হার্পের ঘনিষ্ঠতা নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনী বিজয়ের পর নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তাকে প্রেসিডেন্টের কাছে পৌঁছানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছিল। এর আগে প্রকাশিত আরেকটি চিঠিতে হার্প ট্রাম্পকে নিজের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেও উল্লেখ করেছিলেন।
২০১৮ সাল থেকে ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক ও ব্যক্তিগত বৃত্তে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন হার্প। বিভিন্ন সময়ে তিনি দাবি করেছেন, তার বোন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ট্রাম্পের নীতি ও সহায়তা তাদের পরিবারকে সহায়তা করেছিল। তবে গুরুতর অসুস্থ রোগীদের পরীক্ষামূলক চিকিৎসার সুযোগ দেওয়ার বিষয়ে তার এই দাবিকে ঘিরে বিতর্ক রয়েছে।
হার্পের ট্রাম্পের প্রতি অতিরিক্ত আনুগত্য ও তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে তার পরিবারের সদস্যদের মধ্যেও উদ্বেগ রয়েছে। গত জুনে ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তার ভাই প্রেস্টন হার্প এই সম্পর্ককে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বলে মন্তব্য করেন।
সাম্প্রতিক সময়ে ডেমোক্রেটিক সিনেটর জন ওসোফের মন্তব্য এবং ট্রাম্প-হার্পের সম্পর্ক নিয়ে আগের বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে ট্রাম্প ও হার্পের সম্পর্ক নিয়ে যেসব জল্পনা চলছে, সেগুলোর বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ প্রকাশিত হয়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com