ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৫৮ এএম, ২৩ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

সরকারি স্যালাইন রেখেও বাইরে থেকে কিনতে বলায় নওগাঁয় নার্সের ওপর ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫:৫৮ এএম, ২৩ আগস্ট ২০২৬

নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

নিউজ ডেস্ক :

সরকারি স্যালাইন মজুত, তবু রোগীকে বাইরে থেকে কিনতে বলায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁ সদর হাসপাতালে পর্যাপ্ত সরকারি স্যালাইন মজুত থাকার পরও রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য করার অভিযোগের সত্যতা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ অনিয়ম দেখতে পান।

পরিদর্শনের সময় মজুত থাকা সরকারি স্যালাইন না দিয়ে এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে বলায় সংশ্লিষ্ট নার্সের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। পরে ওই রোগীকে বাইরে থেকে কেনা স্যালাইনের ২০০ টাকা ফেরত দেন তিনি।

হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড, ফার্মেসি, রান্নাঘর ও শৌচাগার ঘুরে দেখেন। একই সঙ্গে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজ নেন।

এ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চিকিৎসক দ্বীন মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে নওগাঁর সিভিল সার্জনকে নির্দেশ দেন মন্ত্রী।

পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন থাকার পরও রোগীদের বাইরে থেকে তা কিনতে বলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বেসরকারি চিকিৎসাসেবা খাত নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে বিপুলসংখ্যক লাইসেন্সবিহীন ও অবৈধ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কাগজপত্র ছাড়া পরিচালিত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, দেশব্যাপী নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিলগালা করা হচ্ছে।

দেশের জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে চিকিৎসাসেবা আরও বাড়াতে ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজে ডায়ালাইসিস সুবিধা বৃদ্ধির জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান ও সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম।

পরে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। হাসপাতালের সেবার মান শতভাগ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com