ম্যাচ চলাকালে মাঠে অসুস্থ হয়ে পড়ে মারা যান পর্তুগিজ ফুটবলার কেভিন ক্যাস্ত্রো।
মাঠে তখন চলছিল প্রস্তুতি ম্যাচ। হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন পর্তুগিজ ফুটবলার কেভিন ক্যাস্ত্রো। সতীর্থ ও চিকিৎসাকর্মীরা দ্রুত তাঁর কাছে ছুটে যান। মাঠেই জরুরি চিকিৎসা দেওয়ার পাশাপাশি ডিফিব্রিলেটর ব্যবহার করে তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারকে।
শনিবার পর্তুগালের মালভেইরায় এ ঘটনা ঘটে। রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলছিলেন ক্যাস্ত্রো। ম্যাচ শুরুর মাত্র ১০ মিনিটের মাথায় অসুস্থ বোধ করে মাঠে পড়ে যান তিনি।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানিয়েছে, ঘটনার পর দুই দলের চিকিৎসাকর্মীরা তাৎক্ষণিকভাবে ক্যাস্ত্রোর চিকিৎসা শুরু করেন। এস্ত্রেলা দা আমাদোরার চিকিৎসকরা ডিফিব্রিলেটর দিয়ে তাঁকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। পরে জাতীয় জরুরি চিকিৎসা সংস্থা আইএনইএমের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। তবে সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই ফুটবলার।
চলতি মৌসুমেই পর্তুগিজ তৃতীয় স্তরের ক্লাব রিয়াল স্পোর্টে যোগ দিয়েছিলেন ক্যাস্ত্রো। এর আগে তাঁর ক্যারিয়ারের বড় একটি সময় কেটেছে ইংল্যান্ডে।
ওয়েস্টব্রমের হয়ে ২০২১ সালে মূল দলে অভিষেক হয় ক্যাস্ত্রোর। ক্লাবটির জার্সিতে দুটি সিনিয়র ম্যাচ খেলেন তিনি। আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচ দিয়ে সিনিয়র ক্যারিয়ারে অভিষেকের পর সোয়ানসি সিটির বিপক্ষেও মাঠে নামেন।
ওয়েস্টব্রম থেকে ধারে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডের হয়ে খেলেছেন ক্যাস্ত্রো। এরপর ইয়র্ক সিটি, চিপেনহ্যাম টাউন, ক্যামব্রিজ সিটি ও ইস্টবোর্ন বরোর মতো ইংলিশ ক্লাবেও খেলেছেন তিনি। গত মাসে যোগ দেন পর্তুগালের রিয়াল স্পোর্টে।
ক্যাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়েছে তাঁর সাবেক ক্লাব ওয়েস্টব্রম। ক্লাবটি জানিয়েছে, তাঁর স্মরণে বার্নলির বিপক্ষে ম্যাচের ২৫তম মিনিটে এক মিনিট করতালি দেওয়া হবে। পাশাপাশি খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com