আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে অসুস্থতা ও আতঙ্ক ছড়িয়ে পড়ায় কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড কারখানায় রোববারও বেশ কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এর আগে শনিবার (২২ আগস্ট) দুপুরের পর কারখানাটির নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত বেশ কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায় বলে শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে তাঁদের ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
রোববার সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর আবারও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এতে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। পরে পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে।
কারখানার কয়েকজন শ্রমিকের ভাষ্য, অসুস্থতার ঘটনাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে ‘ভূতের আনাগোনা’ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, এক নারী শ্রমিক কারখানার ভেতরে ‘ভূত’ দেখেছেন বলে দাবি করার পর অস্বাভাবিক আচরণ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর একে একে আরও কয়েকজন অসুস্থ হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) বিল্লাল হোসেন বলেন, রোববার প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে উপস্থিত ছিলেন। পরে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে নিরাপত্তার কথা বিবেচনা করে দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
শ্রমিকদের ‘ভূত দেখার’ দাবি প্রসঙ্গে তিনি বলেন, অনেকে এমন কথা বলছেন। তবে কারখানা কর্তৃপক্ষ বিষয়টিকে বিশ্বাসযোগ্য বলে মনে করছে না। তাঁর ভাষ্য, অসুস্থ হওয়ার ঘটনা কারখানার নির্দিষ্ট কোনো একটি স্থানে সীমাবদ্ধ নয়; বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটেছে। শ্রমিকদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ এখনো শনাক্ত করা যায়নি।
আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, শনিবারও ৫ থেকে ৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বেপজার কর্মকর্তারা কারখানাটি সরেজমিনে পরিদর্শন করেছেন। সকাল থেকেই তিনি সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় দমবন্ধ হয়ে যাওয়া বা শ্বাসরোধ হওয়ার মতো কোনো অস্বাভাবিক পরিস্থিতি নজরে আসেনি।
শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়া ভূতের আতঙ্কের বিষয়ে তিনি বলেন, শ্রমিকরা এমন কথা বললেও এর প্রকৃত কারণ কী, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
পরিস্থিতি বিবেচনায় রোববারও কারখানাটি বন্ধ রাখা হয়েছে বলে জানান বেপজার এই কর্মকর্তা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com