মুম্বাইয়ে রূপান্তরকামীর ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে বিমানবালাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক
ভারতের মুম্বাইয়ে রূপান্তরকামী ব্যক্তির ছদ্মবেশে একটি আবাসিক ভবনে ঢুকে ২৫ বছর বয়সী এক বিমানবালাকে ধর্ষণের অভিযোগে ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে কালওয়ার একটি বস্তি এলাকা থেকে অনিল শিল্ডে নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিটের মধ্যে পোওয়াই এলাকার একটি অভিজাত আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। শাড়ি ও টিপ পরে রূপান্তরকামী ব্যক্তির ছদ্মবেশে ভবনে প্রবেশ করেন অভিযুক্ত। সেখানে নিরাপত্তারক্ষীর আস্থা অর্জনের পর কয়েকটি ফ্ল্যাটের দরজায় কড়া নাড়েন তিনি।
একপর্যায়ে তৃতীয় তলার একটি ফ্ল্যাটের দরজা খোলেন ওই বিমানবালা। সে সময় তাঁর স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। অভিযুক্ত ওই নারীকে বলেন, তাঁর ও তাঁর স্বামীর ওপর ‘কুনজর’ রয়েছে এবং বিশেষ আচার পালনের মাধ্যমে তা দূর করা সম্ভব।
অভিযুক্তের কথা বিশ্বাস করে তাঁকে ফ্ল্যাটে প্রবেশের অনুমতি দেন ওই নারী। অভিযোগ অনুযায়ী, ভেতরে ঢোকার পর তাঁর গায়ে পানি ছিটিয়ে মাথায় হাত রাখেন অভিযুক্ত। পরে তাঁকে শোবার ঘরে নিয়ে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকতে বলেন। এরপর তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী চিৎকার করলে তাঁকে ভয়ভীতি দেখানো হয়। পরে পালিয়ে যাওয়ার আগে তাঁর কাছ থেকে ২০০ রুপি নিয়ে যান অভিযুক্ত।
ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত ওই নারী রাত প্রায় ১১টার দিকে থানায় গিয়ে অভিযোগ করেন। শুরুতে তিনি ঘটনার বিস্তারিত জানাতে পারছিলেন না। পরে এক নারী পুলিশ কর্মকর্তা তাঁকে স্বাভাবিক হতে সহায়তা করলে তিনি পুরো ঘটনা পুলিশকে জানান।
পশ্চিম জোন-৩-এর উপপুলিশ কমিশনার দত্ত নালাওয়াড়ে জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে শনাক্ত করতে পুলিশের একটি বিশেষ দল কাজ শুরু করে। আবাসিক ভবন ও আশপাশের এলাকার শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়।
একটি ফুটেজে অভিযুক্তকে ভবন থেকে বের হয়ে কালওয়ার দিকে একটি অটোরিকশায় উঠতে দেখা যায়। এরপর তাঁর গতিবিধি অনুসরণ করে অভিযোগ পাওয়ার প্রায় চার ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধর্ষণ ও অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কালো জাদুবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায়ও মামলা করা হবে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিল শিল্ডে দাবি করেছেন, তাঁর পরিবারের সদস্যরা হিজড়া সম্প্রদায়ের ছদ্মবেশে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত। তিনি এর আগে একই ধরনের কোনো অপরাধে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর আবাসিক ভবনের বাসিন্দাদের অপরিচিত ব্যক্তিদের ফ্ল্যাটে প্রবেশের অনুমতি না দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে কোনো ব্যক্তি প্রবেশ করতে চাইলে তাঁর পরিচয় ও উদ্দেশ্য যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আনন্দবাজার ও দ্য টাইমস অব ইন্ডিয়া
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com