নেপালে দুর্যোগের কবলে বাংলাদেশি ছবির শুটিং, নিরাপদে খরাজ-রজতাভ
নেপালে বাংলাদেশের একটি সিনেমার শুটিং করতে গিয়ে প্রতিকূল আবহাওয়া ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের একটি সিনেমার শুটিংয়ের জন্য কয়েক দিন আগে নেপালে যান দুই অভিনেতা। খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে তার স্ত্রী এবং শুটিং দলের অন্য সদস্যরাও রয়েছেন।
নেপালের চীন সীমান্তবর্তী রাসুয়া জেলায় হঠাৎ বন্যা ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এর মধ্যে অভিনেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা না যাওয়ায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
তবে পরে খরাজ মুখোপাধ্যায় জানান, তারা বর্তমানে হোটেলে অবস্থান করছেন এবং সবাই নিরাপদে আছেন।
তিনি জানান, গত ২০ আগস্ট তারা নেপালে পৌঁছান। সেখানে যাওয়ার পর থেকেই প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েক দফায় শুটিং ব্যাহত হয়। শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যেই বেশ কষ্ট করে শুটিং শেষ করতে হয়েছে তাদের।
দুর্যোগের কারণে কাঠমান্ডু যাওয়ার সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সকালের ফ্লাইটও ধরতে পারেননি তারা। ফলে সড়কপথে ভারতের সীমান্তবর্তী গোরক্ষপুরে যাওয়ার পরিকল্পনা করেছেন। সেখান থেকে ২৮ আগস্ট সরাসরি কলকাতার ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে তাদের।
এদিকে তিব্বত থেকে নেমে আসা ভোতে কোশি নদীর পানির স্তর হঠাৎ বেড়ে যাওয়ায় নেপালের তিমুরে ও স্যাফ্রুবেশিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে বাজার, সড়ক ও জলবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, দুর্যোগের পর বহু পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে শতাধিক ভারতীয় নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ ও আটকে পড়াদের উদ্ধারে নেপাল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com