আদালতে এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত উভয় পক্ষের শুনানি শেষে গাজী নজরুলের চার দিন এবং মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জোহা সরকার দুই আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে পুলিশ মরিয়মের মৃত্যুর সময় আসামিরা বাসায় ছিলেন কি না, তাদের কোনো প্রভাব বা ভূমিকা ছিল কি না এবং তাকে আত্মহত্যায় প্ররোচনা, উসকানি, মানসিক চাপ বা ভয়ভীতি দেখানো হয়েছিল কি না—এসব বিষয় তদন্তের কথা উল্লেখ করেছে। একই সঙ্গে মামলার অপর আসামি ওবায়দুর রহমানের ভূমিকা ও অবস্থান এবং অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার কথা জানানো হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।
আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজী নজরুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা দাবি করেন। তিনি বলেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না এবং মরিয়ম কেন আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তিনি জানেন না।
মামলার অভিযোগ ও মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com