ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:১০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

কুমিল্লায় কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, সন্দেহে একজন আটক

প্রকাশিত : ০৬:১০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় কুবি শিক্ষকের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া।

শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতীম। এরপর সে আর বাসায় ফেরেনি।

ছেলের নিখোঁজের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন তার মা ড. নাহিদা বেগম। সেখানে তিনি জানান, অপ্রতীম নীল রঙের পাঞ্জাবি পরে নিজের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল। পরে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নাহিদা বেগম আরও জানান, ফোন নম্বর ট্র্যাক করেও ছেলের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এ ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com