চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কাটার সময় ছিনতাইকারীদের দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে।
ছুরি হাতে রিকশাযাত্রীকে জিম্মি করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর পকেট কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে ঘটেছে বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একটি রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও মালামাল নেওয়ার চেষ্টা করছেন। একপর্যায়ে যাত্রীর প্যান্টের ডান পকেটে থাকা একটি জিনিস বের করতে না পেরে তাদের একজন ছুরি দিয়ে পকেট কাটতে শুরু করেন। এ সময় অপর ব্যক্তি যাত্রীর দিকে ছুরি তাক করে রাখেন।
ভিডিওতে যাত্রীকে কয়েকবার বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো।’ একপর্যায়ে যাত্রী নড়াচড়া করলে তার বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করেন একজন। এরপর ছুরি দিয়ে প্যান্টের পকেট কাটার চেষ্টা চালিয়ে যান তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ছিনতাইকারীরা ওই যাত্রীর টাকা-পয়সা ও মুঠোফোন নিয়ে নেন। এ সময় আশপাশের বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দাবি করা হয়েছে, শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ ঘটনার সুনির্দিষ্ট সময় নিশ্চিত করতে পারেনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করতে আসেননি। বিষয়টি জানার পর ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com