রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরব।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ১০ অক্টোবর বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের চালানো প্রাণঘাতী হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন এবং আহত অনেকের অবস্থা গুরুতর। বাংলাদেশ এই হামলার ‘দ্ব্যর্থহীন ভাষায় তীব্র নিন্দা’ জানিয়েছে।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বর্তমানে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
বিবৃতিতে নিহত বাংলাদেশিদের পরিবারসহ সব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়। বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোয় আঘাত হানা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মত দিয়েছে বাংলাদেশ।
সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করে ঢাকা। একই সঙ্গে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের এই হামলায় নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক প্রাণ হারিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরটিতে হুথিদের এটি তৃতীয় হামলা এবং গত এক দশকের বেশি সময়ে সৌদি ভূখণ্ডে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
ইয়েমেনে যুদ্ধ ক্রমেই তীব্র হয়ে ওঠার মধ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটল। দেশটির নিয়ন্ত্রণ নিয়ে হুথিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর সঙ্গে লড়ছে। ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীর বিরুদ্ধে ইয়েমেন সরকারের স্থল অভিযানে সহায়তা দিতে সৌদি আরব বিমান হামলা চালিয়ে আসছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com