ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০২:১০ এএম, ২৪ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

এমপির ভাতিজা পরিচয়ে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার, এমপি বললেন ‘আমার কোনো ভাতিজা নেই’

প্রকাশিত : ০২:১০ এএম, ২৪ অক্টোবর ২০২৬

নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার টাকা আদায়ের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ডিজিটাল রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে। এ ঘটনায় ইজারা বাতিলের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসাদুজ্জামান বিপ্লব নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক মাইক্রোবাসে করে উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে তাঁদের গাড়ি থামিয়ে ইজারার টাকা দাবি করেন এক যুবক। সাংবাদিকরা নিজেদের জরুরি পরিষেবার আওতাভুক্ত উল্লেখ করে ইজারার টাকা থেকে অব্যাহতির কথা জানান।

অভিযোগ অনুযায়ী, ওই যুবক গাড়িটি আটকে রেখে যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন। পরে বিপ্লব সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারতে উদ্যত হন বলেও অভিযোগ করা হয়েছে।

এ সময় নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। ইউএনও ও সংসদ সদস্য ইজারা বাতিলের কথা জানিয়েছেন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই। ইজারাদারের লোকজনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য আব্দুল মান্নানও। তিনি বলেন, তাঁর কোনো ভাতিজা নেই। পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিলের জন্য বলেছেন বলেও জানান তিনি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com