ঢাকা, ০৩ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৫:১৭ এএম, ০৩ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রীর, ফোনের কভারেই রয়ে গেল রবীন্দ্রনাথের বাণী

প্রকাশিত : ০৫:১৭ এএম, ০৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের কুমিরায় সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয়ছাত্রী মাহিয়া মুশফিকরাত

ডিজিটাল রিপোর্ট :

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী মাহিয়া মুশফিকরাত। মৃত্যুর পর তাঁর মোবাইল ফোনের কভারে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। কভারে লেখা ছিল, ‘Death like autumn leaves’—অর্থাৎ ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি লোকাল বাস উল্টে যায়। এ সময় সড়কের পাশে থাকা তিন শিক্ষার্থী বাসটির নিচে চাপা পড়েন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাহিয়া মুশফিকরাত। আহত অপর দুই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি লরি পাশাপাশি যাওয়ার পর একটি লরি অন্যটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৮ নম্বরের একটি লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে তিন শিক্ষার্থী চাপা পড়েন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান ইভা জানান, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে এসেছিলেন।

বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিকুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় জড়িত দুটি লরি ও বাসটি থানায় নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকেরা মাহিয়াকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাহিয়ার মোবাইল ফোনের কভারে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘Stray Birds’ কাব্যগ্রন্থের একটি উক্তির অংশ লেখা ছিল—‘Let life be beautiful like summer flowers and death like autumn leaves’। এর অর্থ, ‘জীবন গ্রীষ্মের ফুলের মতো সুন্দর হোক, আর মৃত্যু হোক শরতের পাতার মতো’।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com